বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ১৮ সেপ্টেম্বর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক নতুন কর্মসূচি ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

এক দফার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সবশেষ গত ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচি পালন করে। সেটি ছিল সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির ষষ্ঠ কর্মসূচি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন?’ এটা শুনে আমরা অবাক হয়েছি। আওয়ামী লীগকে গত দুটি নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। দেশে এখন গোটা ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি এক দফা দিয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

মির্জা ফখরুল বলেন, সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সরকার একটি গণ্ডির মধ্যে আছে, আশপাশের মানুষ ভুল বোঝাচ্ছে। সরকার আবার নতুন করে গায়েবি মামলা শুরু করেছে, বিরোধীদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে ব্যস্ত। নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছে না।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। কোথাও ন্যায়বিচার মিলছে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে রেজুলেশন আনা হয়েছে, সাজা প্রত্যাহারের কথা বলেছে। বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র নেই- সে কথাও তুলে ধরেছে ইইউ পার্লামেন্টে।

আদিলুর রহমান খান ও এলানের সাজা প্রত্যাহারের দাবি করে ফখরুল বলেন, গুম-নির্যাতনের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায়, সোচ্চার থাকায় আদিলুর রহমান খানকে সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও ভয়াবহ। দমবন্ধ পরিবেশ চলছে। এ থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, কৃষি মার্কেটে আগুন লাগছে। মার্কেটটি নতুন করে তৈরি করার সুযোগ নিয়ে নিজেদের লোকদের দেওয়ার চক্রান্ত চলছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আর.এইচ 

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250