বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

ভাইয়ের অসুস্থতায় বিষাদমাখা জন্মদিন কাটছে বেবী নাজনীনের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রতিবছর দিনটিতে নানা আয়োজন আর ভক্ত-স্বজনদের ভালোবাসা, শুভেচ্ছায় সিক্ত হন তিনি। হাসি আর আনন্দে কাটে পুরো দিন। অথচ, এবারের জন্মদিনটা তার হয়ে উঠেছে বিষাদের প্রহর আর মন খারাপের দিন। অন্য বছরগুলোর মতো এ বছরও আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা, কিন্তু মনটা কিছুতেই ভালো হচ্ছে না আজ।

আদরের ছোট ভাইকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে তো আর মন ভালো করা যায় না। তাই আজকের দিনে নিজের জন্মদিনের শুভেচ্ছা নয়, ছোট ভাই সাংবাদিক এনাম সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেবী নাজনীন।

এনাম সরকারের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। কয়েক মাস হলো এই মরণব্যাধীর সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। পরিবারের সদস্যদের দিন কাটছে উৎকণ্ঠার মধ্য দিয়ে। মানিসকভাবে ভেঙে পড়েছেন বেবী নাজনীনও। কেবল এনাম নয়, ভাই-বোন সবাইকে পরম যত্ন আর স্নেহের ছায়াতলে সারা জীবন আগলে রেখেছেন বেবী নাজনীন। আর এনামের জন্য ভালোবাসাটা যেন একটু বেশি। সেই ভাইয়ের এমন অসুস্থতায় কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছেন না তিনি।

সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত বেবী নাজনীন। রাজনৈতিক পরিস্থিতির কারণে লম্বা সময় তাকে কাটাতে হয়েছে দেশের বাইরে। ২০২৪ সালে দেশে ফেরার পর আবার রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন বেবী। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নতুন গান নিয়েও কাজ শুরু করেছেন। তার সংগীত ও রাজনৈতিক ক্যারিয়ারেও ছায়াসঙ্গী হয়ে পাশে থেকেছেন এনাম সরকার। তাই ঠিক এই সময়ে রাজনীতি কিংবা সংগীতের চেয়ে বেবীর সমস্ত উদ্বেগ ছোট ভাইকে ঘিরে।

এনাম সরকার দেশের গণমাধ্যমের পরিচিত মুখ। প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা করছেন তিনি। সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন, সবশেষ দায়িত্ব পালন করেছেন এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বর্তমান সভাপতি তিনি।

বেবী নাজনীন তার নিজস্ব কণ্ঠ আর গায়কীর সুবাদে পরিচিতি পেয়েছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে, ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামেও ডাকেন অনেকে। দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্র, টেলিভিশন, বেতার ও মঞ্চে অসংখ্য গান গেয়েছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। দেশের পাশাপাশি বিদেশের মঞ্চেও নিয়মিত গান করেছেন।

তার জনপ্রিয় গানের মাঝে রয়েছে ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ’ ইত্যাদি। বিষাদমাখা এই জন্মদিনে অগণিত মানুষের ভালোবাসা আর শুভেচ্ছার বিনিময়ে একটি অনুরোধই করছেন বেবী নাজনীন, ‘আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’

বেবী নাজনীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250