শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রেনে লুকিয়ে থেকেও গ্রেপ্তার এড়াতে পারেননি সু হাইজিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সু হাইজিন নামের এক ব্যক্তি সিঙ্গাপুরে সম্প্রতি মানি লন্ডারিং বিরোধী অভিযান চলার সময় গ্রেপ্তার এড়াতে বাংলোর বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েছিলেন। এরপর ড্রেনে লুকিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার এড়াতে পারেননি তিনি।

সিঙ্গাপুরের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা অ্যাকাউন্টিং অ্যান্ড করপোরেট রেগুলেটরি অথোরিটি (এসিআরএ) সু হাইজিন সম্পর্কে আরও কিছু নতুন তথ্য প্রকাশ করেছে।

তদন্তে তারা জানতে পেরেছে, সাইপ্রাসের এই নাগরিক সিঙ্গাপুরের রেস্তোরাঁ পরিচালনাকারী প্রতিষ্ঠান নো সাইনবোর্ড হোল্ডিংসের পরিচালক ছিলেন। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত তিনি এই দায়িত্বপালন করেছেন।

গত বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটি তাদের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা আছে, প্রতিষ্ঠানটিতে সুর ২০ শতাংশ শেয়ার আছে। প্রতিবেদনে আরও বলা হয়, পরিচালক পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

নো সাইনবোর্ড হোল্ডিংসের মুখপাত্র বৃহস্পতিবার (১৭ আগস্ট) দ্য স্ট্রেইটস টাইমসকে বলেছেন, সু ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তিনি নির্বাহী দলে ছিলেন না।

এ ছাড়া সু ওই প্রতিষ্ঠানের ব্যবসা ও কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না। কার্যনির্বাহী বোর্ডের কোনো বৈঠক এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি অংশ নিতেন না। মুখপাত্র আরও বলেন, কোম্পানিতে ওই সময় আরও পাঁচজন পরিচালক ছিলেন।

বিদেশ থেকে পাচার করে আনা অর্থসম্পদ জব্দে গত মঙ্গলবার বড় অভিযান চালিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ)। এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিং বিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ১০ বিদেশি নাগরিককে গত বুধবার আদালতে তোলা হয়। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি ও গ্রেপ্তার এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। তাঁদেরই একজন সু হাইজিন।

আর.এইচ 

সু হাইজিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250