ছবি: সংগৃহীত
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমার সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি ওসমান হাদিকে ফিরিয়ে দিন। কারণ, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই, কিন্তু হাদির দেওয়ার এখনো অনেক কিছু বাকি।
আজ শনিবার (১৩ই ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, হাদি শুধু একজন ব্যক্তি নন; তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। হাদির ওপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি ১৫ই ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজন এবং সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনার কথাও জানান।
সমাবেশে বক্তব্যের শুরুতে ড. মাহমুদুর রহমান বলেন, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ জানাতেই আমি জনসমক্ষে আন্দোলনে শামিল হয়েছি।
হাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার সময় হাদিই আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যান। মাত্র পাঁচ মাস আগে আমরা একসঙ্গে আমার মায়ের দাফন সম্পন্ন করেছি। আজ সেই হাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
আমার দেশ সম্পাদক আরও বলেন, বহু ষড়যন্ত্র সত্ত্বেও জুলাই বিপ্লব পরাজিত হয়নি, হাদি তারই প্রমাণ। যারা জুলাইকে বিপ্লব বলতে অস্বীকার করে, তারা মূলত নিজেদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে জুলাই স্পষ্টভাবেই একটি বিপ্লব এবং সেই বিপ্লবের চেতনা ধারণ করেই আমাদের এগোতে হবে।
তথাকথিত সুশীল সমাজের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা কখনোই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়ায়নি। নতুন প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই লড়াই তরুণদেরই এগিয়ে নিতে হবে।
বক্তব্যের একপর্যায়ে ড. মাহমুদুর রহমান হাদির কালচারাল উদ্যোগের কথা তুলে ধরে বলেন, এই সময়ে যখন তরুণেরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে, তখন হাদি মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছেন, কালচারাল ফ্যাসিজম মোকাবিলার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করার জন্য।
মাহমুদুর রহমান ঘোষণা দিয়ে বলেন, আজ থেকে আমি হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি চালিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।
খবরটি শেয়ার করুন