ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তবে একটি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার নিকুলিং চাকমা বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ সুপার নিকুলিং চাকমা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাজধানী ও আশপাশের এলাকায় আরও কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর ও বাড্ডায় তিনটি স্টাফ বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়।
সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরে দুটি ও বাড্ডায় একটি স্টাফ বাসে এবং কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানাতে পারেনি পুলিশ।
খবরটি শেয়ার করুন