শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সতর্কবার্তা উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফরাসি মেয়রেরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে ফ্রান্স। তবে এর আগে থেকে ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়রেরা সরকারের সতর্কবার্তা উপেক্ষা করে শহরের টাউন হলগুলোতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। খবর এএফপির।

ন্যান্টেস শহরের মেয়র জোহানা রোল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তার শহর ফরাসি প্রজাতন্ত্রের ঐতিহাসিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আজকের দিনের জন্য ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে। ন্যান্টেস টাউন হলের প্রবেশপথে একটি ফিলিস্তিনি পতাকা দেখা গেছে।

এ ছাড়া রেনেসে সিটি হলের প্রবেশপথেও একটি ফিলিস্তিনি পতাকা দেখা গেছে। এর আগে আজ বামপন্থী ফরাসি রাজনীতিবিদ অলিভিয়ার ফাউর প্যারিসের সেন্ট-ডেনিস টাউন হলের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

তবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাউন হলগুলোকে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন না করার জন্য অনুরোধ জানিয়েছিল। তারা ‘জনসেবায় নিরপেক্ষতা নীতি’র প্রতি জোর দিলেও ফ্রান্সের বেশ কয়েকটি শহর সেই সতর্কবার্তা উপেক্ষা করে পতাকা উত্তোলন করে।

প্রসঙ্গত, গতকাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ ফ্রান্সসহ আরও পাঁচটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের ভাষণের আগেই এসব ঘোষণা আসতে পারে।

ফিলিস্তিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250