বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছে বাংলাদেশ দল। ছবি: বাফুফে
ঢাকার ব্যস্ততা পেরিয়ে এখন জাকার্তার মাটিতে বাংলাদেশ ফুটবল দল। ফিফা আসিয়ান কাপের অভিষেক আসর সামনে রেখে আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে পৌঁছেছে টমাস ডুলির দল। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ।
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ইন্দোনেশিয়ায় পৌঁছে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। দীর্ঘ ভ্রমণের ধকল কাটানোর পাশাপাশি স্থানীয় আবহাওয়া, সময় ও পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই আগেভাগে যাওয়ার সিদ্ধান্ত। দলের একজন কর্মকর্তা আগেই জানিয়েছিলেন, ভ্রমণের কারণে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। তাই ইন্দোনেশিয়ায় কয়েক দিন হাতে রেখে খেলোয়াড়দের শরীরকে স্থানীয় সময়ের সঙ্গে মানিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
জাকার্তায় পৌঁছে আজ মূলত বিশ্রামেই থাকবেন খেলোয়াড়েরা। এরপর শুরু হবে অনুশীলন। ২২ সেপ্টেম্বরের পর ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত অনুশীলন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় অনুশীলনের মাঠ ঠিক করা হয়েছে। ফলে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরপরই প্রস্তুতিতে ছন্দপতনের শঙ্কা নেই দলের।
তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি। আজ বাংলাদেশ সময় অনুযায়ী তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল পুরোপুরি প্রস্তুত হবে।
২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে টমাস ডুলির দল।
খবরটি শেয়ার করুন