রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

রাসুল (সা.)-এর জীবদ্দশায় নারীরা অন্তঃপুরবাসিনী ছিলেন না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোজাম্মেল হোসেন বলছেন, রাসুল (সা.)-এর জীবদ্দশায় ও ইসলামের প্রাথমিক যুগে নারীরা অন্তঃপুরবাসিনী ছিলেন না। পর্দা ও শালীনতার নির্দেশনা ছিল। তবে তা নিয়ে বর্তমানের ওহাবি জঙ্গিদের মতো বাড়াবাড়ি তখন অজানা ছিল।

তিনি বলেন, জামায়াত আমির এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীদের সম্পর্কে যে কুৎসিত শব্দ ব্যবহার করেছেন, সে প্রসঙ্গে এক নির্বাচনী জনসভার ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভুল তথ্য বলেছেন। তিনি মনে করেন, জনসমক্ষে রাজনীতিবিদদের বক্তব্যে তথ্যে ভুলের ক্ষেত্রে দায়িত্বশীল সংবাদমাধ্যমের উচিত কোনো না কোনো উপায়ে ভুলটি শুধরে দেওয়া।

‘অতি উৎসাহে ভুল তথ্য’ শিরোনামে আজ বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন এসব কথা বলেন। তার ফেসবুক অ্যাকাউন্টটি কর্তৃপক্ষের ভেরিফায়েড করা নয়। তবে সুখবর ডটকম নিশ্চিত হয়েছে, অ্যাকাউন্টটি তিনিই পরিচালনা করেন।

তিনি বলেন, ‘অভিযোগ অনুসারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীদের সম্পর্কে যে কুৎসিত শব্দ ব্যবহার করেছেন, সে প্রসঙ্গে আমিরের নাম উল্লেখ না করে তার তীব্র নিন্দা জানিয়ে এক নির্বাচনী জনসভার ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন যে, ইসলামের নবী হজরত মুহাম্মদের (সা.) প্রথম স্ত্রী বিবি খাদিজা (রা.) কর্মজীবী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ভালো দৃষ্টান্ত। তবে তিনি ইসলামের ইতিহাসের আরেকটি তথ্য ভুল বলেছেন।’

মোজাম্মেল হোসেন বলেন, ‘তা হলো বদরের যুদ্ধ হয়েছিল হজরত মুহাম্মদের (সা.) তৃতীয় স্ত্রী বিবি আয়েশার (রা.) নেতৃত্বে। প্রকৃতপক্ষে তখন অর্থাৎ ২ হিজরি বা ৬২৪ খ্রিষ্টাব্দে আয়েশার বয়স ছিল ৯ থেকে ১০ বছরের মধ্যে। হিজরতের আগে মক্কায় তাদের বিয়ে হয়েছিল। তখন আয়েশার বয়স ছিল ৬ বছর (মতান্তর আছে)। আর বদরের যুদ্ধটি হয়েছিল মদিনার কাছে। ওই বয়সে আয়েশার যুদ্ধে যাওয়ার প্রশ্নই ওঠে না; তেমন কোনো তথ্যও ইতিহাসের কোথাও উল্লেখ নেই। বদরের যুদ্ধে নেতৃত্বে ছিলেন স্বয়ং হজরত মুহাম্মদ (সা.) এবং সঙ্গে ছিলেন আবু বকর (রা.), উমর (রা.), আলী (রা.), হামজা (রা.) প্রমুখ।’

মোজাম্মেল হোসেন লেখেন, ‘তবে আয়েশা (রা.) তার ৪৪ বছর বয়সে একটি যুদ্ধ পরিচালনা করেছিলেন, তা হলো ৩৬ হিজরি/৬৫৬ সালে বসরার যুদ্ধ বা উটের যুদ্ধ, হজরত আলী (রা.)-এর বিরুদ্ধে। তিনি নেতৃত্ব দিলেও সরাসরি ময়দানে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কি-না নিশ্চিত তথ্য নেই।’

তিনি বলেন, ‘ইসলামের প্রাথমিক যুগে তরবারি ও তীরধনুক নিয়ে বীরত্বপূর্ণ যুদ্ধ করেছেন তেমন নারী আছেন। যেমন উহুদের যুদ্ধে স্বয়ং নবীজী (সা.)-কে রক্ষা করাসহ অন্তত তিনটি যুদ্ধে তলোয়ার ও তীরধনুক নিয়ে লড়েছেন নুসাইবা বিনতে কাব বা উম্মে আম্মারা। এছাড়া খাওলা বিনতে আজওয়ার (আ.) প্রমুখ সাহাবি যোদ্ধা ছিলেন। অনেক নারী শিবিরে আহতদের সেবা করেছেন।’

তিনি বলেন, ‘একজন মানুষের ভুল হতেই পারে। তবে জনপরিসরের মানুষ তথা একজন প্রধান রাজনৈতিক নেতার এরকম ভুল খুবই অনভিপ্রেত। কারণ তাদের প্রভাব থাকে। দলের কোনো নেতৃস্থানীয় সহকর্মী যদি তারেক রহমানকে আয়েশা (রা) সংক্রান্ত ওই ভুল তথ্য সরবরাহ করে থাকেন, তবে তা-ও দুঃখজনক।’ 

সবশেষে তিনি বলেন, ‘মূলধারার কিছু সংবাদমাধ্যমে তারেক রহমানের বক্তৃতার ওই অংশ হুবহু প্রকাশ পেয়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম ওই অংশ উল্লেখ করেনি। তবে সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও আছেই। জনসমক্ষে নেতাদের এই ধরনের ভুলের ক্ষেত্রে আমার মতে দায়িত্বশীল সংবাদমাধ্যমের উচিত কোনো না কোনো উপায়ে ভুলটি শুধরে দেওয়া।’

মোজাম্মেল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250