সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ কয়েকজন নেতা–কর্মী হাজির হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। আজ রোববার (১৫ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা ও শহর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিকেলে কার্যালয়টিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতা–কর্মী।

২০২৪ সালের ৫ই আগস্টের হামলার পর থেকে জেলা আওয়ামী লীগ ও কোতোয়ালি আওয়ামী লীগের দলীয় কার্যালয় দুটি বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর পর কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেওয়া এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতজন নেতা–কর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাদেরই একজন মুঠোফোনে সেলফি তোলার ভঙ্গিতে ভিডিও ধারণ করছিলেন।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই’ বলে কয়েকবার স্লোগান দেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন, সদস্য রুহানা নিশাত প্রমুখকে দেখা যায়।

দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগের দুটি দ্বিতল দলীয় কার্যালয়। একটিতে জেলা আওয়ামী লীগের এবং অপরটিতে শহর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। জুলাই অভ্যুত্থানের পরে আগুন জ্বালিয়ে দুটি কার্যালয়ই পুড়িয়ে দিয়েছিল আন্দোলনকারীরা।

পরবর্তী সময়ে এক্সক্যাভেটর দিয়ে ভাঙাও হয়েছিল কার্যালয় দুটির বিভিন্ন অংশ। সেই থেকে ভবন দুটির সামনের দেয়াল ভাঙাচোরা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি চায়ের দোকান পরিচালনা করছেন একজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে সন্ধ্যার কিছু আগে কয়েকজন জুলাই আন্দোলনকারী শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পরে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফয়সাল মোস্তাক বলেন, ‘আমরা এ বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধঘোষিত দলের নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে একধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। মিনহাজ ও সুমন নামের দুজন জুলাই যোদ্ধার নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের কার্যালয়ে গিয়ে বিষয়টির প্রতিবাদ জানানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। তাদের অপরাধ স্বীকার করে শাস্তি ভোগ করতেই হবে।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী বলেন, ‘ফেসবুকে একটি ভিডিও দেখেছি। তবে তারা ঘটনাস্থলে বেশিক্ষণ স্থায়ী ছিল না। শহরে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এদিকে রোববার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিজয় চত্বর এলাকায় একদল নেতা–কর্মী আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয় পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রোকনুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250