ছবি: সংগৃহীত
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মান কমে যাওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতা চলছে। এই পরিস্থিতির জন্য অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ফ্রান্সে বিক্ষোভ চলাকালে সৃষ্ট অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। একইসঙ্গে দেশটিকে অভিবাসন নীতিমালা আরও কঠোর করার আহ্বান জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগতের মানুষ, যাদের হৃদয়ে ঘৃণা, তাদের অভিবাসনের কারণে এককালের মহান দেশটি বিপর্যস্ত হয়ে পড়েছে।’
‘অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন!’ যোগ করেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করেন।
তিনি ইঙ্গিত করেন, ‘তৃতীয় বিশ্ব থেকে মানুষ আমদানি করার কারণে’ ফ্রান্সে এই অস্থিরতা দেখা দিয়েছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মান কমে যাওয়া এবং শিক্ষক সংকটের প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে।
বিক্ষোভ থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবরটি শেয়ার করুন