সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু *** আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক *** দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’ *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরান তার নীতি পরিবর্তন না করলে ওয়াশিংটন খুব শিগগিরই ‘কাজটি শেষ করে ফেলতে পারে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মার্কিন সরকারের সমর্থন না থাকলেও ইরানে ফের হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে তিনি তেহরানের বর্তমান সরকারের পতন ঘটানোর স্পষ্ট ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল রোববার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘তারা (ইরান) যদি দ্রুত নিজেদের পথ না বদলায়, তবে আমরা খুব শিগগিরই কাজটি শেষ করব।’ তিনি দাবি করেন, ইরান ইতিমধ্যে সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই পদ্ধতিগতভাবে ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলিদের উদ্দেশ্যে ট্রাম্প তেহরানের দীর্ঘদিনের ‘ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক’ স্লোগানের কথা উল্লেখ করে বলেন, ইরান যে তাদের হুমকি বাস্তবায়নের চেষ্টা করবে, তা কেবল সময়ের ব্যাপার ছিল।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু না বললেও চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাবে না এবং উভয় দেশের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে নেতানিয়াহু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন করে শুরুর আশঙ্কার কথা জানান।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ১২০ আসনের নেসেটে জোট গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। এই নির্বাচনে নেতানিয়াহুকে জিততে ট্রাম্প ‘পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থন’ দিয়েছেন। ট্রাম্প তাঁকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ এবং ‘সাহসী ও মেধাবী’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ইসরায়েলের নেতৃত্বে থাকলে যুক্তরাষ্ট্রকে নিজ দায়িত্বে ইরানের মুখোমুখি হতে হতো, যা তিনি করতে আগ্রহী নন। জবাবে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘একসঙ্গে আমরা মিশনটি সম্পন্ন করব!’

‘মার্কিন অনুমোদন ছাড়াই হামলা সম্ভব’

পৃথক এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন অনুমোদনের ওপর নির্ভর না করেই তারা ইরানে আগাম হামলা চালাতে প্রস্তুত। হালনাগাদ জাতীয় নিরাপত্তা নীতি উপস্থাপনকালে তিনি বলেন, ‘আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি তা আমেরিকার অনুমোদনের ওপর নির্ভর করে না। প্রয়োজনে আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নেব। আমরা আগেও তা করেছি, দরকার হলে আবারও করব।’

ইরানকে প্রতিরোধ করাকে নিজের ‘জীবনের মূল লক্ষ্য’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইরান ইসরায়েলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। শত্রুকে প্রথম আঘাত হানার সুযোগ না দিয়ে ইসরায়েল নিজেই উদ্যোগ নেবে বলে তিনি স্পষ্ট জানান।

ইরানের অর্থনৈতিক সংকট ও সাম্প্রতিক আন্দোলনের কথা তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন, ‘৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই শাসকগোষ্ঠীকে চিরতরে উৎখাত করতে হবে এবং দেশের সব নিরাপত্তা সংস্থাকে আমি সেই নির্দেশই দিয়েছি।’

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250