বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু

ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। খেলাপি ঋণের ব্যাপক বিস্তার, অনিয়ম ও অর্থ পাচার এবং ব্যাংকের মূলধন ঘাটতির কারণে আর্থিক খাতের সংকট গভীর হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ব্যাংকিং খাতের এই সংকট শুধু আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাধারণ আমানতকারীদের ওপর।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকট নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনটির শিরোনাম ‘বাংলাদেশ ইজ নো লঙ্গার আ ডেভেলপমেন্ট সুপারস্টার’ (বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়)। ১৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বড় ধরনের মাশুল এখন দিতে হচ্ছে দেশকে। তবে সংকটের দায় কেবল অতীতের শাসনব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। নতুন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং সংস্কারের গতি নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি ঋণ। প্রতিবেশী ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এ অবস্থাকে ব্যাংকিং খাতের আর্থিক সক্ষমতার গুরুতর দুর্বলতার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে সাময়িকীটি।

ঢাকার এক ক্যাফের মালিকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে তিনি ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না। প্রতিবার ব্যাংকের শাখায় গিয়ে টাকা তুলতে চাইলে তাকে জানানো হচ্ছে, ব্যাংকে তারল্যসংকট রয়েছে। একই ধরনের সমস্যায় পড়েছেন আরও অনেক আমানতকারী। কয়েকটি ব্যাংকের গ্রাহকেরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের জন্য সঞ্চয় করা অর্থও তারা প্রয়োজনের সময় তুলতে পারছেন না।

ইকোনমিস্টের প্রতিবেদনে দেশের এই পরিস্থিতিকে ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা বাংলাদেশের বৈপরীত্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাধীনতার পর দারিদ্র্য, বন্যা ও দুর্বল অর্থনৈতিক ভিত্তির কারণে বাংলাদেশকে একসময় চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু পরবর্তী সময়ে দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য হ্রাস, জনস্বাস্থ্যের উন্নতি এবং শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সত্ত্বেও এসব অর্জন সম্ভব হয়েছিল। এখন রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংকিং খাতের দুরবস্থা সেই উন্নয়নের ধারাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছে সাময়িকীটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনার আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ক্ষমতায় এসেছে। দলটি একটি কারিগরি অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। তবে নতুন সরকার শুরুতেই একাধিক চাপে পড়েছে। ব্যাংকিং খাতের সংকটের পাশাপাশি দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট উৎপাদন ব্যাহত করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত বলে সরকারের দাবি। তবে শেখ হাসিনা দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেন বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে বলেও উল্লেখ করেছে সাময়িকীটি।

ব্যাংকিং খাতের সংকটের সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ঋণ অনিয়মের সম্পর্ক তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য প্রকাশ করেছে ইকোনমিস্ট। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার শাসনামলে ব্যাংক খাতের লুটপাট নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার তৈরি হয়েছে, বর্তমান সরকারকে এখন তার মোকাবিলা করতে হচ্ছে।

সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত রয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।

এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়েছে ইকোনমিস্ট। দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের সঙ্গে একসময় জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নিষিদ্ধ ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম শিল্পগোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এস আলম এসব অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এস আলমের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ছিলেন শেখ হাসিনার মিত্র। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আসা বন্ধ করেছেন। অন্যদিকে জামায়াতের দাবি, ব্যাংকগুলোর বিরুদ্ধে মূল অভিযোগগুলো সাজানো হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যক্তিদের হাতে ব্যবসার নিয়ন্ত্রণ তুলে দিতেই এমন অভিযোগ আনা হয়। সাইফুল আলমও কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

তবে খেলাপি ঋণের বর্তমান উচ্চহারের পেছনে ঋণ শ্রেণীকরণে স্বচ্ছতা বৃদ্ধিরও ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল অর্থের ২ শতাংশ পরিশোধ করে পরবর্তী এক বছর কিস্তি না দেওয়ার সুযোগ দিয়েছিল। পাশাপাশি ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করার সুযোগ দেওয়া হয়। ওই ২ শতাংশ অর্থ পরিশোধের পর ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছিল, প্রকৃত খেলাপি ঋণের হার সরকারি হিসাবে দেখানো প্রায় ১০ শতাংশের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ঋণ শ্রেণীকরণের সংজ্ঞা পরিবর্তন করে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণনার আওতায় আনা হয়। এর ফলে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩৩ শতাংশে দাঁড়ায়।

ব্যাংকিং খাতের এই দুরবস্থার প্রভাব পড়ছে বেসরকারি বিনিয়োগেও। ইকোনমিস্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে সাধারণত প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৬ দশমিক ৫ শতাংশ। তবে আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল বলে দাবি করেছিল অন্তর্বর্তী সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে শুধু ব্যাংকিং সংকট দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তী সময়ে শ্রমিকদের ধর্মঘট উৎপাদন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে ধারা ছিল, এটি তার বিপরীত চিত্র।

ব্যাংকগুলোকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে। এই অর্থ দেশের মোট দেশজ উৎপাদনের ১ দশমিক ২ শতাংশের সমান। কিন্তু এই সহায়তা সংকট কাটানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করছে ইকোনমিস্ট। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাব উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে ব্যাংকিং খাতে মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের সমপরিমাণ অর্থ পুনঃমূলধনীকরণ প্রয়োজন হতে পারে।

এদিকে নতুন সরকারের নেওয়া কিছু নীতিগত পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে সাময়িকীটি। গত জুনে সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য সুদ পুনঃতফসিলের ব্যবস্থা চালু করা হয়। পাশাপাশি ব্যাংকগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে কত সুদ নিতে পারবে, তার সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, এর ফলে ঋণগ্রহীতার ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণের সুযোগ সীমিত হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন। ইকোনমিস্টকে তিনি বলেছেন, সরকার সমস্যাকে এড়িয়ে যাচ্ছে না; বরং ব্যাংকগুলোর আর্থিক হিসাবের খাতা পরিষ্কার করার চেষ্টা করছে। যেসব প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যবসার সক্ষমতা রয়েছে এবং সামান্য অতিরিক্ত সময় দিলে ঋণ পরিশোধ করা সম্ভব, তাদের সেই সুযোগ দেওয়া হবে।

তবে ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য সরকারের আর্থিক সক্ষমতা সীমিত। বিদেশ থেকে উল্লেখযোগ্য সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রয়োজনীয় মূলধন জোগানো কঠিন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক কর ফাঁকির কারণে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় মোট দেশজ উৎপাদনের মাত্র ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় এই হার কম। পাকিস্তানে রাজস্ব আদায়ের পরিমাণ মোট দেশজ উৎপাদনের প্রায় ১০ শতাংশ।

অন্যদিকে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকিসহ বিভিন্ন ব্যয়ের কারণে সরকারের বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৩ শতাংশ। এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষ করে বেসরকারি ও ভালো মূলধনসম্পন্ন ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তা এবং সরকারের ব্যাংকঋণ—দুইয়ের প্রভাবে বাজারে অর্থের সরবরাহ বাড়ছে, যা মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি করছে।

সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন ধীর প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতির মুখোমুখি। অর্থনীতির এই সংকট থেকে রাজনীতিকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মনে করছে ইকোনমিস্ট। প্রতিবেদনে একজন অর্থনীতিবিদের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ী গত ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে ছিলেন। এখন তারাও ব্যাংক ও ব্যবসায়িক খাতে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ খুঁজতে পারেন।

সাময়িকীটির বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ব্যাংকিং খাত সংস্কারের প্রয়োজনীয়তা তৈরি হলেও নতুন রাজনৈতিক ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার প্রবণতা আবারও ফিরে আসতে পারে। প্রতিবেদনের শেষাংশে একজন সাবেক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, মৌলিকভাবে বাংলাদেশের কিছুই বদলায়নি।

ইকোনমিস্টের এই প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকটের পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা, ঋণ অনিয়ম এবং নতুন সরকারের নীতিগত চ্যালেঞ্জগুলো উঠে এসেছে। তবে প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন অভিযোগ ও বিশ্লেষণ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে; এগুলোকে সব ক্ষেত্রে স্বতন্ত্রভাবে প্রমাণিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

দ্য ইকোনমিস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250