ছবি: এএফপি
ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা তার বিরোধী শিবির, কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে বিরোধী শিবিরের কয়েকটি দলের আপত্তি থাকায় রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার আংশিক নির্বাচনী ফলাফলে দেখা যায়, ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন, যা তাদের জন্য ঐতিহাসিক সাফল্য। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ৮৮ দশমিক ৬২ শতাংশ ভোট গণনার পরও আসনবণ্টনে কোনো পরিবর্তন হয়নি। নিয়মিত ভোটকেন্দ্রগুলোর ফল যাচাইয়ের পাশাপাশি সেনাসদস্য, কূটনীতিক, বন্দি ও নিজ এলাকার বাইরে ভোট দেওয়া অন্যদের ব্যালট গণনা বাকি রয়েছে। এসব ভোট ‘ডাবল এনভেলপ’ বা দ্বিস্তর খামের ভোট হিসেবে পরিচিত।
নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হলেও সরকার গঠনের আলোচনা শুরু হয়েছে। তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের দাবিতে জেরুজালেম, তেল আবিব ও হাইফায় বিক্ষোভ করেছেন প্রায় ৩০০ মানুষ। জেরুজালেমের প্যারিস স্কয়ার, তেল আবিবের মেসিলা পার্ক এবং হাইফার ইউনেসকো স্কয়ারে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নদী থেকে সাগর পর্যন্ত সবার স্বাধীনতা’ এবং ‘ইহুদি-আরব সরকার চাই’।
নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব দলগুলোর সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের দাবি জোরালো হচ্ছে। হারেৎজ জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবিও সেই রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।
বিরোধী দলগুলোর মধ্যে ইহুদি ও আরব দলকে নিয়ে সরকার গঠনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান। তিনি বিরোধী জোটের নেতাদের আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
গোলানের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হলে আরব ভোটারদের সমর্থনকে রাজনৈতিকভাবে স্বীকৃতি দিতে হবে।
টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে গোলান বলেন, তিনি বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে চান। তার ভাষ্য, ইসরায়েলের মানুষের জন্য আশা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং বর্তমান সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা বন্ধ করার জন্য নতুন সরকার গঠন প্রয়োজন।
তিনি আরও বলেন, ইসরায়েলে তরুণদের মধ্যেও এমন প্রশ্ন তৈরি হচ্ছে যে, তারা আদৌ এ দেশে থাকতে চান কি না।
জয়েন্ট লিস্ট জোটের নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিকল্প সরকার গঠনে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, রক্তপাতের রাজনীতির বিকল্প দিতে চাইলে বিরোধীদের আরব দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
অন্যদিকে, জয়েন্ট লিস্টের একটি অংশের নেতা আহমাদ তিবি বলেছেন, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের নেতানিয়াহু সরকারকে সরিয়ে দেওয়ার বাস্তব সুযোগ রয়েছে।
তবে বিরোধী জোটের গুরুত্বপূর্ণ নেতা নাফতালি বেনেট ও আভিগদর লিবারম্যান নির্বাচনের আগে আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করেছিলেন।
আইজেনকোটও আরব দলগুলোকে নিয়ে জোট গঠনের বিষয়ে আগে আপত্তি জানিয়েছিলেন। ফলে তাদের অবস্থান পরিবর্তন হবে কি না, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
খবরটি শেয়ার করুন