ফাইল ছবি
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এক দিন আগে গতকাল বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। এটি উপকূল পেরিয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।
এদিকে রাজধানী ঢাকার আকাশও আজ ভোর থেকে ছিল মেঘাচ্ছন্ন। সকাল ৭টায় আবহাওয়ার পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৫ শতাংশ। রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়নি।
খবরটি শেয়ার করুন