বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

মধ্যরাতে ছিনতাইকারীর মুখোমুখি তাসরিফ, অতঃপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মধ্যরাতে ঢাকার রাস্তায় ছিনতাইকারীর উৎপাত বেড়েছে—সামাজিকমাধ্যমে সাম্প্রতিক সময়ে অনেকেই তাদের তেমন অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান। তবে সরাসরি কবলে পড়েননি তিনি। বরং তাসরিফরা এগিয়ে যাওয়ায় ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার হয়েছেন এক ব্যক্তি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিস্তারিত জানিয়েছেন তাসরিফ।

বুধবার (১৮ই ডিসেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনার সাক্ষী হয়েছেন তারা ক’জন। 

সবাইকে সাবধানে চলার পরামর্শ দিয়ে তাসরিফ লিখেছেন, ‘১৮ তারিখ দিবাগত রাত ২টার ঘটনা। মিরপুর ২ নাম্বার একটা প্র্যাকটিস পেড থেকে জ্যামিং শেষ করে আমরা কুঁড়েঘর ব্যান্ডের প্রায় সবাই খাবার হোটেলের দিকে যাচ্ছিলাম। মিরপুর ২ নাম্বার ওভারব্রিজের পাশে, পেট্রোলপাম্পের ঠিক সামনে খেয়াল করলাম ৫-৬ জন মিলে একটা লোককে ধস্তাধস্তি করছে আর লোকটা খালি গায়ে কোনোরকম ছুটে যাবার চেষ্টায় ‌‘কেউ বাঁচান ভাই’ বলে চিৎকার করছে।’

তাসরিফরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা নাটকীয়ভাবে তাদের ভোল পাল্টায়। সেই অভিজ্ঞতা জানিয়ে এই গায়ক লেখেন, ‘‘ব্যান্ডের ৩ জন একসাথে ছিলাম আর বাকিরা সামনে পেছনে মিলিয়ে। আমি এগিয়ে গিয়ে গলা মোটা করে কী সমস্যা জিজ্ঞেস করে থামতে বলার সাথে সাথে খালি গায়ের লোকটা কোনোরকম ছুটে দৌড় দেয় আর ওই ৫-৬ জন আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কোনোকিছু অনুমান করার আগেই ওরা আমাদের কাছে এসে বিচারের স্বরে বলে যে ‘ভাই ওইডা মাদক ব্যবসায়ী’।’’

যোগ করে তিনি বলেন, ‘আমি এই কথায় কয়েক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে যাই। আসলেই পালানো লোকটা মাদক ব্যবসায়ী নাকি এদের নিজেদের কোনো ঝামেলা নাকি এরা ছিনতাই করছিল, ভাবতে ভাবতে আরও কয়েক কদম এগিয়ে যাই ওই খালি গায়ে লোকটা যেদিকে দৌড়াল সেদিকে। খেয়াল করলাম খালি গায়ের লোকটা আসলে পালায়নি। থানা একেবারে পাশেই থাকায় লোকটা থানার সামনে দাড়িয়ে চিৎকার করে পুলিশকে জানানোর চেষ্টা করছে।’

এই সুযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তাসরিফ বলেন, ‘ঘটনা বুঝতে আর বাকি রইলো না। পেছন ফিরে দেখি ওরা তড়িৎ গতিতে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছে। সামনে যে বসা তার হাতে টিপ চাকু। মাথায় এল এরা যখন কাছে এসেছিল তখন এদের কয়েকজনের এক হাত গায়ের পেছনে লুকানো ছিল। তার মানে এদের প্রায় সবার কাছেই ধারালো অস্ত্র কিংবা চাকু ছিল। গাড়িটা টান দেওয়ার সাথে সাথে একটা ছবি তুললাম যেন নাম্বার প্লেটটা পড়া যায়। গাড়ির ছবিটা লাইভ মুড হওয়ায় ছবিটা ঝাপসা হয়েছে কিন্তু নাম্বার বোঝা যায়। ঢাকা মেট্রো-গ/২৫৪৬৩৩।’

তিনি আরও লিখেছেন, ‘‘লোকটা দৌড়ে আমদের দিকে এগিয়ে এসে কান্নার স্বরে বললো ‘ভাই আপনেরা আগায় না আইলে আমারে মাইরলতো ওরা।’ ওরা পালানোর পর এবার একটু ভিড় বাড়লো যে ভিড়টা ছিনতাইয়ের সময়ে হলে হয়তো এই ছিনতাইকারীরা এত্ত সাহস পেতই না। তৎক্ষণাৎ থানায় গিয়ে ওয়ারলেস অপারেটরকে এই গাড়ির নাম্বার জানালাম এবং ওসি তদন্ত যিনি ছিলেন উনাকেও গাড়ির নাম্বার দিলাম। উনারা বললেন উনারা ধরার চেষ্টা করবেন এবং দুইজন এসআইকেও দেখলাম সিভিল ড্রেসে একটু তৎপরতার সাথে বলছিল এদেরকে তারা ধরবে।’’

তাসরিফ আরও বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো খাবার খাওয়া শেষ করে যখন আমাদের ড্রামার শান্ত রিকশা করে ওর বাসায় ফিরছিল তখন ওই গাড়িকে মিরপুর-১০ আল হেলালের পাশের সিএনজি পাম্পে স্টার্ট করা অবস্থায় দাড়িয়ে থাকতে দেখে আবার আমাকে কল দিয়ে জানায়। আমি কল দিয়ে থানার এসআইকে জানাই। এসআই ভাইজান আমাকে কিছুক্ষণ পর কল করে জানান উনারা লোক পাঠিয়েছিলেন কিন্তু গাড়িটা হয়তো ততক্ষণে ওই জায়গা ত্যাগ করেছে।’

তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে ঢাকায় বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি আছে, পুলিশের কাছে গাড়ির নাম্বার আছে, এমনকি বিভিন্ন জায়গায় চেকপোস্টও রয়েছে তারপরও আমি জানি না এই গাড়ি এখনও আটক হয়েছে কিনা অথবা কেন এখনও এই গাড়িটা কিংবা ওই সন্ত্রাসীদের ধরা গেলো না? এদের হাতে যদি আল্লাহ না করুক, কেউ খুন হয় কিংবা আমার আপনার পরিবার বড় বিপদে পড়ে তবে এই দায়ভারটা নিবে কে?’

সবশেষে সবাইকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তাসরিফ খান। বলেন, ‘কী হবে জানি না তবে নিজের এবং নিজের পরিবারকে সাবধান করুন, সতর্ক করুন। রাতে একা চলাচল থেকে বিরত থাকুন। এইসব আজন্ম সাফারিংসগুলো বোধহয় আমরা কপালে করে লেখায় নিয়েই আসছিলাম যেগুলা প্রতিনিয়ত আমাদের মেনে নিতে হয় কিংবা সামনে আরও মেনে নিতে হবে।’

ওআ/কেবি

তাসরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250