সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাগেরহাটে জীবিত কুকুরকে একটি কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে দেশজুড়ে বিভিন্ন প্রাণীর ওপর চলমান নিষ্ঠুরতা বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। আজ রোববার তিনি এই নোটিশ পাঠান। 

মন্ত্রিপরিষদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, 'গত ৮ এপ্রিল বাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজারে একটি জীবন্ত কুকুরকে পা ভেঙে কুমিরের মুখে ছেড়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি বাংলাদেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।'

এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিড়াল হত্যা, কাটাবনে লকডাউনের সময় পশু-পাখির মৃত্যু এবং দেশজুড়ে কুকুর-বিড়ালের ওপর গরম পানি নিক্ষেপসহ নানা নিষ্ঠুরতার চিত্র নোটিশে তুলে ধরা হয়।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো নোটিশে প্রাণীর সুরক্ষায় ২১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রাণী কল্যাণ আইন-২০১৯ সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়ানো; প্রাণী খাদ্যের ওপর থেকে সকল প্রকার ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহার করা; ‘জাতীয় প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ’ নামে স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন করা।

এ ছাড়া রয়েছে- প্রাণী নির্যাতন বন্ধে বিশেষ টাস্কফোর্স এবং ‘প্রাণী পুলিশ সেল’ গঠন করা;  প্রতিটি এলাকায় প্রাণীদের জন্য নির্দিষ্ট কবরস্থান ও সরকারি এনিমেল হোটেল স্থাপন; সরকারি পশু হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া; ৯৯৯-এর মাধ্যমে প্রাণীদের জন্য ২৪/৭ রেসকিউ সেবা চালু করা এবং  স্কুল-কলেজের পাঠ্যবইয়ে প্রাণী কল্যাণ শিক্ষা অন্তর্ভুক্ত করা।

নোটিশে বলা হয়, বাগেরহাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আইনি পদক্ষেপ নিতে হবে এবং অন্যান্য পদক্ষেপ ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

জানতে চাইলে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, আজই আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রাণীদের ভালোবাসেন, আশা করছি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকেই বিষয়গুলো নিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

লিগ্যাল নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250