ছবি: ধর্ম মন্ত্রণালয়
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া একটি বই বিতর্কের মুখে ফিরিয়ে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের বেশ কয়েকটি করে বই উপহার দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল প্রখ্যাত ইসরায়েলি ইতিহাসবিদ নোয়া হারারির লেখা বই ‘নেক্সাস’-এর বাংলা অনুবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে বইগুলো বিজয়ীদের হাতে তুলে দেন। সেই ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক।
অবশেষে আজ রোববার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানানো হয়, ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
আজ দুপুরে নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে তিনি বইটি ফেরত নেন।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় বিজয়ী হাফেজ ও তাদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
খবরটি শেয়ার করুন