শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

কান চলচ্চিত্র উৎসবে নেপালের ইতিহাস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৫ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছে নেপালি চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। কানের অন্যতম মর্যাদাপূর্ণ ‘আঁ সার্তে রিগা’ শাখায় জুরি পুরস্কার জিতে নিয়ে প্রথম নেপালি চলচ্চিত্র হিসেবে কানের মঞ্চে পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে সিনেমাটি। সূত্র: দ্য হিন্দু।

তরুণ নির্মাতা অবিনাশ বিক্রম শাহের চিত্রনাট্য ও পরিচালনায় এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা ‘পাম দ’র’-এর সমান্তরালে চলা এবং উদীয়মান নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প বলার ধরনকে তুলে ধরা এ বিশেষ শাখায় প্রথম নেপালি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছিল ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।

নেপালের দক্ষিণাঞ্চলীয় তেরাই সমভূমির বনাঞ্চলঘেরা গ্রাম ‘থোরি’র প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ সিনেমাটি। সমাজে অবহেলিত ও প্রান্তিক পর্যায়ে থাকা একদল ট্রান্সজেন্ডার নারীর জীবনসংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে ‘কিন্নর’ সম্প্রদায়ের প্রধান ‘পীরতি’কে কেন্দ্র করে।

পীরতি নিজের পছন্দের মানুষের সঙ্গে এক নতুন জীবনে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। তবে হঠাৎ করেই তার সম্প্রদায়ের এক মেয়ে নিখোঁজ হয়ে গেলে বদলে যায় দৃশ্যপট।

সিনেমার অফিশিয়াল সিনোপসিস অনুযায়ী, নিজের ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা নাকি সম্প্রদায়ের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য— কোনটি পীরতি বেছে নেবে, তা নিয়েই এগিয়ে যায় এই মনস্তাত্ত্বিক তদন্তধর্মী গল্প।

পুরস্কার গ্রহণের সময় সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দেন পরিচালক অবিনাশ বিক্রম শাহ। তিনি বলেন, ‘চলচ্চিত্রের এমন এক ক্ষমতা রয়েছে, যা সমাজের অন্ধকারের গল্পগুলোকেও সামনে নিয়ে আসতে পারে।’

পুরস্কারটি পুরো টিমকে উৎসর্গ করে তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে পীরতি ও তার মেয়েদের জীবন এবং প্রাচ্যের এ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের অদৃশ্য করে রাখা হয়েছে। আমাদের গল্পকে আজ কানের মতো মঞ্চে এনে এবং এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আমরা সেই প্রান্তিক সমাজকে আলোর নিচে নিয়ে এসেছি। আমরা অদৃশ্যকে আজ দৃশ্যমান করতে পেরেছি।’

সিনেমার মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন পুষ্প থিং, দীপিকা যাদব, জেসমিন বিশ্বকর্মা, শান্তি গিরি, গৌরী মল্লা, মাওতসে গুরুং, সঞ্জয় গুপ্ত দুরা, মহিমা নবাবাগ এবং আকাঙ্ক্ষা কার্কি।

নেপালি প্রযোজনা প্রতিষ্ঠান ‘আন্ডারগ্রাউন্ড টকিজ নেপাল’ ও ‘জয়ন্তী ক্রিয়েশনস’-এর পাশাপাশি ফ্রান্স, জার্মানি, ব্রাজিল এবং নরওয়ের যৌথ অর্থায়নে চলচ্চিত্রটি সহপ্রযোজিত হয়েছে।

উল্লেখ্য, নির্মাতা অবিনাশ বিক্রম শাহ কান চলচ্চিত্র উৎসবের জন্য একেবারেই নতুন নন। এর আগে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোরি’ ৭৫তম কান উৎসবে ‘স্পেশাল মেনশন’ লাভ করেছিল, যা ছিল কোনো নেপালি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রথম বড় আন্তর্জাতিক স্বীকৃতি।

এ ছাড়া তার চিত্রনাট্যে নির্মিত ‘কালো পোথি’, ‘হাইওয়ে’ এবং ‘তাতিনী’ চলচ্চিত্রগুলোও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।

‘আঁ সার্তে রিগা’ শাখার অন্যান্য পুরস্কার

এবারের উৎসবে ‘আঁ সার্তে রিগা’ শাখার সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কারটি জিতে নিয়েছে অস্ট্রিয়ান পরিচালক সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়া একটি পরিবারের ট্র্যাজেডি এবং এর পরবর্তী পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে এ মনস্তাত্ত্বিক ড্রামাটি।

অন্যদিকে, পিক্সার অ্যানিমেশনের সাবেক অ্যানিমেটর লুই ক্লিশির প্রথম একক পরিচালিত হাতে আঁকা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘আয়রন বয়’ জিতেছে স্পেশাল জুরি প্রাইজ।

এ শাখায় ‘কঙ্গো বয়’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্র্যাডলি ফিওমোনা ডেমবেসেট।

আর ভ্যালেন্টিনা মরেলের কোস্টারিকাভিত্তিক পারিবারিক ড্রামা ‘সিয়েম্প্রে সয় তু অ্যানিমেল মাতের্নো’তে অনবদ্য অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো এবং মারিয়াঞ্জেল ভিলেগাস।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250