বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল সোবহান চৌধুরীকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে বেলা ৩টা ৫০ মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হাতকড়া পরিয়ে আদালতের কাঠগড়ায় আনা হয়। এ সময় পুলিশ তার হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও এক হাত থেকে হাতকড়া খুলে দেন। এ সময় তিনি তার আইনজীবী ও পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন। পরে বিকেল চারটা এক মিনিটে বিচারক এজলাসকক্ষে আসেন।

এ সময় শুনানিতে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মোহাম্মদ গালিব রাগীব আদালতকে বলেন, মাননীয় আদালত আমরা আসামির পক্ষে জামিনের আবেদন করিনি। তিনি একজন সাংবাদিক। বয়স্ক ব্যক্তি। শারীরিক অসুস্থতা ও সামাজিক অবস্থান বিবেচনায় আমরা কারাগারে সুব্যবস্থা (ডিভিশন)র আবেদন জানাচ্ছি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামি সোবহান চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ছিলেন। বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তথ্য উপদেষ্টা পদসহ নানা সুবিধা বাগিয়ে নেন এবং এই পদ ব্যবহার করে অনৈতিক সুবিধা ও বিভিন্ন টিভির লাইসেন্স বাণিজ্য করেন। জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিরোধিতা করে শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করেছেন। তার জন্য কারাগারে ডিভিশন প্রদানের কোনো কারণ নেই। তিনি কোনো মন্ত্রী এমপি না যে তিনি ডিভিশন পাবেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা ফের ডিভিশন চেয়ে আবেদন জানান।

বিচারক বলেন, ‘জেল কোড অনুযায়ী উনি যে সুবিধার প্রাপ্যতা রাখেন তিনি সেটাই পাবেন। এটি আমি লিখে দেব।’

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়। তবে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ হোসেন (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আমির হোসেন বলেন, মামলার ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250