বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ স্বাধীন হলেও গণতান্ত্রিক উত্তরণ বারবার ক্ষুণ্ন হয়েছে: রাষ্ট্রদূত *** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। কিছুক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তিনি।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় ভেতরে কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প করতে দেখা যায় বলে জানান সংসদ সদস্য।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালের গেট দেখে মনে হয়েছে, এই তালা কত বছর আগে লাগানো হয়েছে কে জানে। তালায় একেবারে মরিচা ধরে গেছে। এটি অনেক দিন আগে লাগানো তালা বলে মনে হয়েছে। আমি অনেক সময় অপেক্ষা করে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি।’ তিনি বলেন, ‘এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিকেল অফিসারও নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘ইতিমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন তার কাছে ছিল না—এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে এমপি মহোদয় সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।’

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250