ছবি: সংগৃহীত
সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ অস্বীকার করেন ওই বিএনপি নেতা। আহত সাংবাদিক মামুনুর রহমান বাবুল দৈনিক তৃতীয় মাত্রার মাদারীপুর জেলা প্রতিনিধি।
ভুক্তভোগী, তার স্বজন ও সহকর্মীরা জানান, সোমবার সকালে ঢাকা থেকে শিবচরে ফেরার পথে খানকান্দি স্কুলসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে যান। পরে তাকে শাহাদাৎ হোসেন খানের নিজ বাসায় নিয়ে রড দিয়ে মারধর করা হয়। এতে তার দুই পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক মামুনুর রহমান বাবুল বলেন, শাহাদাৎ নিজেই আমাকে পিটিয়েছেন। এ সময় অন্য যারা ছিলেন, তাদের আমি চিনতে পারিনি। চিকিৎসার জন্য এখন ঢাকায় আছি। কিছুটা সুস্থ হয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করব।
অভিযুক্ত শাহাদাৎ হোসেন খান বলেন, যেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমি যাইনি। এমনকি এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। সাংবাদিককে মারধরের ঘটনার সত্যতা পেয়েছি। কিন্তু কে সাংবাদিককে মেরেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি শেয়ার করুন