ফাইল ছবি
বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ মর্যাদায় পালিত হয় মা দিবস। আজ বিশ্ব মা দিবস। আর সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো মায়ের কোল। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন। ঠিক তেমনি মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
এবার মা দিবসে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, “মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।”
মা দিবসে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তবে যারা মাতৃত্ব পালন করছেন, বিশেষ করে সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন, তাদের জন্যও দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই দিনে মায়েদের ভিন্নধর্মী লড়াই ও সার্থকতার গল্পও উঠে আসে। অপু বিশ্বাসও যেন ঠিক সেই কথাই জানালেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার রেশ ধরেই কোনো বিশেষ ব্যক্তিকে ইঙ্গিত করেছেন অভিনেত্রী।
আবার কেউ কেউ মনে করছেন, শাকিব খানের আরেক স্ত্রী অভিনেত্রী শবনম বুবলীকে উদ্দেশ্য করেই এ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। কারণ বুবলীর সন্তান শেহজাদ খান বীরের বিষয়টিও দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল বলে আলোচনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ আবার অপু বিশ্বাসকেও উদ্দেশ্য করে লিখেছেন, “নিজেই সেই পথের পথিক।” কারণ অপু বিশ্বাস নিজেও সন্তান জন্ম দেওয়ার কয়েক বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। এরপর দীর্ঘ সময় রুপালি পর্দায় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন শাকিব খানকে। দীর্ঘদিন সেই খবর ছিল লোকচক্ষুর আড়ালে। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হয়ে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে ছেলে জয়কে আগলে রেখেই চলছে অপুর সংসার।
জে.এস/
খবরটি শেয়ার করুন