শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানের যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

এতে বলা হয়, প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। জাপান সময় তখন রাত ১০টা ৫৫ মিনিট।

রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে।

বিমান জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে তাদের প্রকৌশলীরা ও জাপানি কারিগরি বিশেষজ্ঞরা ত্রুটি সারান। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয়। এর ১২ মিনিট পর সেটি নিরাপদে উড্ডয়ন করে।

গণমাধ্যমের লিখিত প্রশ্নের জবাবে বিমান জানায়, রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির ১ নম্বর হাইড্রোলিক স্পয়লারে ত্রুটি দেখা দেয়। ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের ১ নম্বর স্পয়লার ফ্লাইট কন্ট্রোল ইলেকট্রনিকসের (ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার) নির্দেশনা অনুসরণ করছিল না।

স্পয়লার হলো—উড়োজাহাজের ডানায় থাকা চলমান প্যানেল, যা উড়োজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে।

উড্ডয়নের আগে পরীক্ষায় ত্রুটিটি ধরা পড়েনি কেন, এমন প্রশ্নের জবাবে বিমান জানায়, উড্ডয়ন-পূর্ব পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি। উড়োজাহাজটি ট্যাক্সি করা শুরু করার পরই সমস্যাটি দেখা দেয়। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটির ফ্লাইট নম্বর ছিল বিজি৩৭৭। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা থেকে উড্ডয়ন করে বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল এটির।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটের দিকে উড়োজাহাজটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন যাত্রীদের জানান, উড়োজাহাজে কারিগরি সমস্যা শনাক্ত হয়েছে এবং প্রকৌশলীরা তা সমাধানের চেষ্টা করছেন।

প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, সমস্যার সমাধানে কাজ চলার মধ্যে উড়োজাহাজটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। পরে উড়োজাহাজটিকে পার্কিং অ্যাপ্রনে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250