শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশনকেন্দ্রে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

এদিকে নির্বাচনে অনিয়ম, জাল ভোট, ভোট কারচুপি ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে আজ শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। আজ বেলা ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোট গণনার সময়ও অনেক কেন্দ্রে তাদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের প্রার্থী আরও অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাইস্কুল কেন্দ্রে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে সিল মারার প্রতিবাদ করতে গিয়ে তাদের প্রধান নির্বাচনী এজেন্ট মারধরের শিকার হয়েছেন। পরে প্রশাসনের সদস্যরা তাকে উদ্ধার করেন বলে জানান তিনি।

এ ছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া ও মিষ্টি বিতরণের বিষয়টি উল্লেখ করে দেলাওয়ার হোসেন জানান, এতে তাদের মনে হয়েছে, ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছিল।

নির্বাচন ঘিরে জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগও করেন দেলাওয়ার হোসেন। তার দাবি, তাদের ১৫ থেকে ২০ জন পোলিং এজেন্ট মারধরের শিকার হয়েছেন। তাদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, সব কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পর ও আহত নেতা-কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্থানীয় নেতারা বৈঠকে বসবেন। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উপনির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250