কর্মকর্তা ও গ্রাহকদের টেকসই উন্নয়ন এবং কার্বন নিঃসরণ-সংক্রান্ত বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বাড়াতে রাজধানীতে একটি কর্মশালার আয়োজন করেছে যমুনা ব্যাংক পিএলসি।
শনিবার যমুনা ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় ইউরোপীয় ইউনিয়নের কার্বন সীমান্ত সমন্বয় ব্যবস্থা, করপোরেট টেকসই প্রতিবেদন, পরিবেশবান্ধব পণ্য নকশা এবং ডিজিটাল পণ্য পরিচিতিপত্রসহ বিভিন্ন বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো নিয়ে আলোচনা করা হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও টেকসই অর্থায়ন কমিটির প্রধান আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক ও পাইকারি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিসেলিওডাটার জ্যেষ্ঠ পরামর্শক প্রকৌশলী এ. বি. এম. মিজানুর রহমান। তিনি বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ওপর বৈশ্বিক পরিবেশগত নিয়ন্ত্রক কাঠামোর সম্ভাব্য প্রভাব এবং সে অনুযায়ী প্রস্তুতির বিষয় তুলে ধরেন।
কর্মশালায় ডিজিটাল পণ্য পরিচিতিপত্র প্ল্যাটফর্মের সরাসরি প্রদর্শনী, বাস্তবভিত্তিক উদাহরণ এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি করপোরেট ও তৈরি পোশাক শিল্পের বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এ কর্মশালা অংশগ্রহণকারীদের উদীয়মান বৈশ্বিক নিয়ন্ত্রক চাহিদা সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করবে এবং উন্নত পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনভিত্তিক কার্যক্রম অনুসরণের মাধ্যমে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে।
খবরটি শেয়ার করুন