ছবি: সংগৃহীত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবে কমিটি। তদন্তে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত শনিবার পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো ও তার দাফনে জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে জেলা পুলিশের সহায়তায় মরদেহটি পুলিশ লাইনসে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নিরাপত্তার মধ্যে মরদেহটি রাখা হয়। পরে রাত ২টার দিকে পুলিশ পাহারায় নিজ গ্রামে মানিক পশারীকে দাফন করা হয়।
বাধার মুখে প্রয়াতের নারী স্বজনদের কবর খুঁড়তে বাধ্য হতে হয় বলেও অভিযোগ উঠেছে।
খবরটি শেয়ার করুন