ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের হিন্দি গানের সোনালি সময়ের কথা উঠলেই অবধারিতভাবে উঠে আসে উদিত নারায়ণ ও কুমার শানুর নাম। দীর্ঘ দুই দশকের বিরতি ভেঙে ফের একসঙ্গে প্লেব্যাক করলেন এ দুই সংগীতশিল্পী। সানি দেওলের আসন্ন ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানটি শোনা যাবে তাদের কণ্ঠে।
সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, সুনিয়ো জারা মূলত একটি বন্ধুত্বের গান। পর্দায় গানটিতে দেখা যাবে সানি দেওল ও রবি কিষানকে। শানু ও উদিতের সঙ্গে এ গানে কণ্ঠ মিলিয়েছেন অনুপম আমোদ। জি মিউজিক কোম্পানির ব্যানারে আজ গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শানু ও উদিতকে একসঙ্গে সবশেষ প্লেব্যাকে পাওয়া গিয়েছিল ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ সিনেমার ‘কাহা হো তুম’ গানে। সে হিসেবে দীর্ঘ ২১ বছর পর সিনেমার গানে একত্র হলেন তারা। এর আগে তারা জুটি হিসেবে শ্রোতাদের উপহার দিয়েছেন ‘তেরি মেরি দোস্তি’, ‘বেপারওয়া বহুত দিন ঘুমে’, ‘ছোটে ছোটে ভাইয়ো কে বড়ে ভাইয়া’ ও ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর মতো জনপ্রিয় গান।
তবে ভক্তদের জন্য চমক এখানেই শেষ নয়; সিনেমার গানের পাশাপাশি চলতি মাসে একটি অডিও গানেও কণ্ঠ দিয়েছেন এই আইকনিক জুটি। ‘তেরা মেরা ইয়ারানা’ শিরোনামের এই গানে উঠে এসেছে দুজনের বন্ধুত্বের গল্প। সঞ্জীব চতুর্বেদীর কথা ও সুরে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ১৫ অক্টোবর।
উল্লেখ্য, সুরিয়া নামের নতুন যে সিনেমার গান দিয়ে প্লেব্যাকে ফিরেছেন উদিত নারায়ণ ও কুমার শানু, সেটি নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক ছড়িয়েছে। সিনেমায় উঠে এসেছে চিকিৎসাব্যবস্থার অন্ধকার দিক ও স্বাস্থ্যকর্মীদের দুর্নীতির বিষয়গুলো। এতে সানি দেওল অভিনয় করেছেন সূর্য প্রতাপ সিং নামের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার চরিত্রে। ভুল চিকিৎসায় মেয়েকে হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। চিকিৎসাব্যবস্থার দুর্নীতি ও অন্যায়ের পর্দা ফাঁস করতে মাঠে নামে সূর্য প্রতাপ।
পর্দায় চিকিৎসকদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং স্বাস্থ্যকর্মীদের ওপর সহিংসতার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে এ আপত্তি উপেক্ষা করেই আগামী ২০ নভেম্বর সুরিয়া সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
খবরটি শেয়ার করুন