নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষ্যে পাবনায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে যমুনা ব্যাংক পিএলসি।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বিশেষ কর্মসূচি বিভাগের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পাবনার গাছপাড়ায় ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফজলুল হক এবং ব্যাংকের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বিভাগের প্রধান (বিপণন) এন এইচ এম নুসরাত।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি প্রয়োজনীয় ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাবনার সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খবরটি শেয়ার করুন