ছবি: সংগৃহীত
জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায় বৃহত্তর ঐক্যের পথে অন্তরায় তৈরি হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মাঠে থাকবেন জানিয়ে আহমদ আবদুল কাদের বলেন, এ ইস্যুতে তারা সব দলকে মাঠে চান। এ বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন। তবে জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম।
বিএনপির জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়াকে বৃহত্তর ঐক্যের অন্তরায় হিসেবে উল্লেখ করে আহমদ আবদুল কাদের বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে। খেলাফত মজলিস জাতীয় ঐক্য চায়। তবে জুলাই সনদ ও গণভোটের রায় পাশ কাটিয়ে তা সম্ভব নয়।
সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান আহমদ আবদুল কাদের। এতে বলা হয়, শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবার অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে বলেও অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগুন দেওয়া, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মাধ্যমে জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।
নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না উল্লেখ করে বক্তব্যে বলা হয়, সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন বা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
খবরটি শেয়ার করুন