রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের

দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দলের সহযোগিতা পাবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। এর বাইরে কোনো ঐক্য নেই, সহযোগিতাও নেই। একই সঙ্গে তিনি বলেছেন, সরকার যদি দ্বিমুখী নীতি থেকে বের হয়ে না আসে, তাহলে তাদের সঙ্গে কিসের ঐক্য?

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। নেজামে ইসলাম পার্টি দলটির সাবেক আমির সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার সাড়ে ১৫ বছর মজলুম ছিল। অনেকে মনে করতে পারেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দল বদলে গেছে। নির্বাচন নয়, তারা ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পরদিন ৬ আগস্ট থেকেই সবকিছু ভুলে গেছে। তারা আওয়ামী স্টাইলে দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। চাঁদাবাজি, দখল–বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে।

সরকারের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছেন বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জুলাই সনদ নয়, তারাই (সরকার) জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। সরকারের সেই মন্ত্রী সব মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞ হিসেবে মতামত দেন, কিন্তু নিজ মন্ত্রণালয়ে তার অবস্থান শূন্য।

জামায়াতের আমির বলেন, দেশের যুবসমাজ ব্যাপক ভিত্তিতে পরিবর্তন চেয়েছিল। এর একটা অংশকে মানুষ তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। তারা হলো মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের আজ কোনো মূল্যায়ন নেই। ৯১ শতাংশ মুসলমানের দেশে এটি জাতির সঙ্গে নিষ্ঠুর পরিহাস।

প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে কী বলেছেন, তা উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। শফিকুর রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতীয় ঐক্য সরকার নষ্ট করেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ দেশে কোনো জাতীয় ঐক্য হবে না। এ দুটি মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।

জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন যারা করছে, তাদের সঙ্গে ‘আঁতাত’ বাদ দিয়ে সরকারকে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে বলেছেন জামায়াতের আমির। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখায় বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে নিয়ে নিজ দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে।

শফিকুর রহমান বলেন, ‘এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে না আসে, কিসের ঐক্য সরকারের সঙ্গে?’

জামায়াতের আমির বলেন, সরকার নিজেদের গদি ঠিক রেখে সব অপকর্ম করবে, আর বিরোধী দল তাদের হয়ে চৌকিদার বা লাঠিয়ালের ভূমিকা পালন করবে, বিরোধী দল এত বোকা নয়।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250