ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। হামলার লক্ষ্য হতে পারেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
তবে ইরান সত্যিই এমন হামলা চালাতে পারবে কি না কিংবা হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আপাতত ইরানের এই পরিকল্পনার উদ্দেশ্য হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নয়; বরং সম্ভাব্য বিকল্প পথ খোলা রাখা।
যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার তথ্য পেয়েছে, তাতে নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ আছে বলে সিএনএনকে জানিয়েছে দুটি সূত্র। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো জরুরি প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের এই পরিকল্পনায় সার্বিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি করেছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধ চলছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে এসব পদক্ষেপকে ইরানের জন্য ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তবে দেশটির নেতৃত্ব এখনো হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘হামলা চালানোর মতো লোকবল ইরানের আছে কি না, তা নিয়েও বিতর্ক আছে।’ সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও তাতে তেমন অগ্রগতি নেই। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে।
নতুন এই হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তাদের তৎপরতা বলছে, যুদ্ধের পরিস্থিতি এখনো বেশ অনিশ্চিত। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের প্রভাব কেবল জ্বালানির দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, নতুন হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত এক সপ্তাহে কয়েক দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের একজন এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।
খবরটি শেয়ার করুন