বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড *** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ *** দুই কারণে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার *** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

হজে যাচ্ছেন শেখ হাসিনা, দেখা গেল দিল্লি বিমানবন্দরে—ছবিটি সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

দিল্লির বিমানবন্দর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজে যাচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, তিনি গোপনে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন এবং ছবিটি সেই মুহূর্তের। এই দাবিতে ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্ট ছড়িয়ে পড়া ছবিটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।

আলোচিত দাবিতে ‘আমার বাংলাদেশ’ নামের পেজ থেকে ছবিটি প্রথম পোস্ট শেয়ার করা হয়। ‘দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বলেছিস অসুস্থ তারা ছবিটা দেখে নে হজ করে বাংলাদেশে ফিরবে ইনশাআল্লাহ’ (লেখা ও বানান অপরিবর্তিত) ক্যাপশনে পোস্টটি আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে শেয়ার করা ওই পোস্টটিতে ১৯ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত ৪ হাজার ২০০ রিয়েকশন রয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৪৮৮ কমেন্ট এবং ৩৯৮ শেয়ার রয়েছে।

পোস্টের কমেন্ট যাচাই করে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এগিয়ে যাও, দোয়া রইলো’, কেউ লিখেছেন, ‘সোর্স কী?’, আবার কেউ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে একজন নারী সাদা এহরাম পরিহিত অবস্থায় হেঁটে যাচ্ছেন; গলায় আইডি কার্ড, হাতে তসবিহ এবং বাঁ হাতে একটি কালো ব্যাগ, পায়ে সাদা চটি। তার পাশে থাকা নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গে ভারতীয় আধা-সামরিক বাহিনী ‘সিআইএসএফ’-এর ইউনিফর্মের মিল রয়েছে। এ ছাড়া পেছনের সাইনবোর্ডে হিন্দি লেখা দেখে মনে হয় স্থানটি ভারতের কোনো বিমানবন্দর।

তবে ভাইরাল ছবিটিতে বেশকিছু অসঙ্গতি দেখা যায়। প্রথমত, নিরাপত্তারক্ষীদের রাইফেল ধরার ভঙ্গি (প্যারেড স্টাইল), চারজন রক্ষীর ট্রিগারে আঙুলের অবস্থান হুবহু একই এবং তিনজনের চেহারা প্রায় অভিন্ন। এ ছাড়া তিনজনের ক্যাপের পিন একই হলেও পেছনের জনের ক্যাপে ভিন্ন পিন দেখা যায়। দ্বিতীয়ত, মাঝের নারী এবং পাশে থাকা রক্ষীদের উচ্চতা ও দূরত্বের অনুপাত অস্বাভাবিক। চারজন সেনা যেভাবে একেবারে সামরিক কায়দায় দাঁড়িয়ে আছে, তা নাটকীয়।

তৃতীয়ত, শেখ হাসিনার হাতে থাকা কালো ব্যাগে স্পষ্ট অক্ষরে ‘হজ ২০২৪’ লেখা। চতুর্থত, ভাইরাল ছবির ডান কোণে গুগলের ‘জেমিনি এআই’ এর লোগো দেখা যায়। সাধারণত গুগলের এই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এমন জলছাপ থাকে।

দৃশ্যমান এসব অসঙ্গতির কারণে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে যাচাই করে দেখা যায়, এটি গুগলের জেমিনি এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। এ ছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনেও একই তথ্য পাওয়া যায়।

এ ছাড়া রিভার্স ইমেজ সার্চ ও সংশ্লিষ্ট কি-ওয়ার্ড অনুসন্ধানে কোনো দেশি বা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার হজে যাওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন দাবিতে বিভ্রান্তিকর এবং কৃত্রিম ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

দিল্লি বিমানবন্দর হয়ে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত।

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250