ফাইল ছবি
ব্রাজিলিয়ান লিগের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করার সময় হাত দিয়ে মুখ ঢাকার অপরাধে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার। গত রোববার ঘরের মাঠে সান্তোসের হয়ে খেলার সময় বাহিয়ার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি।
বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচের ৭৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এই তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রতিপক্ষের মিডফিল্ডার নেস্তরের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকেছিলেন তিনি। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ৩১তম মিনিটে হলুদ কার্ডও পেয়েছিলেন।
ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনাল জানিয়েছে, নেইমার এই আচরণের মাধ্যমে ‘ভিনিসিয়ুস জুনিয়র প্রটোকল’ লঙ্ঘন করেছেন। চলতি বছরের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে প্রতিপক্ষের একজন খেলোয়াড় জার্সি দিয়ে মুখ ঢেকে তাকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন নেইমারের স্বদেশি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস। সেই ঘটনার পরই এই প্রটোকলটি চালু করা হয়।
ম্যাচের অফিসিয়াল প্রতিবেদন অনুসারে, লাল কার্ড দেখার পরও অশান্ত ছিলেন নেইমার। এমনকি ২৬ বছর বয়সী নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। ফলে মাঠে ছড়িয়ে পড়া উত্তেজনা আরও তীব্র হয়েছিল।
হলুদ কার্ডের খড়গ ও নতুন এই শাস্তি মিলিয়ে মোট তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। লিগে সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড দেখার দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন তিনি। বাকি দুটি যুক্ত হয়েছে ম্যাচের ভেতর তর্কের সময় মুখ ঢাকার দায়ে।
৩৪ বছর বয়সী এই ফুটবলার ব্রাজিলিয়ান সিরি আতে পালমেইরাস, ব্রাগান্তিনো ও করিতিবার বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন। সব মিলিয়ে আগামী নভেম্বরের শেষ সপ্তাহের আগে সান্তোসের হয়ে তার মাঠে ফেরা হচ্ছে না। তবে মুখ ঢাকার অপরাধে পাওয়া এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমার ও সান্তোসের সামনে।
চলমান লিগের পয়েন্ট তালিকায় আট নম্বরে আছে সান্তোস। ৩২ ম্যাচে ১২ জয় ও ১০ ড্রয়ে তাদের অর্জন ৪৬ পয়েন্ট। মাঠে দ্যুতি ছড়ালেও চোটসহ নানা কারণে নেইমার খেলতে পেরেছেন কেবল ১৫ ম্যাচ। তার নামের পাশে রয়েছে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট।
১৩০ ম্যাচে ৮০ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে সেলেসাওদের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
খবরটি শেয়ার করুন