ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। একই সঙ্গে স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের খবরও আলোচনায় এসেছে।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় ও সংগীতার দীর্ঘ দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ভরণপোষণ বাবদ কয়েক শ কোটি টাকা দেওয়ার সম্ভাবনার কথাও প্রকাশিত হয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি বিজয় বা তার পরিবার।
এদিকে তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে দুই তারকার কেউই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
উল্লেখ্য, বিজয় ও সংগীতা ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম সম্প্রতি তামিল রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন