ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা একটি পুলিশ বক্স থেকে চেয়ার বের করে তাতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময় ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে প্রায় ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সকালে টঙ্গীর সাতাইশ এলাকায় মন্ডল গ্রুপের একটি কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।
১২টার দিকে তারা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আন্দোলনকারীরা পুলিশ বক্সের চেয়ার বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
খবরটি শেয়ার করুন