ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে শ্রম অধিদপ্তরের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ কথা জানান। আজই ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আজ বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, উভয়পক্ষ বিশেষজ্ঞসহ মজুরি বোর্ডের সভায় অংশ নিয়েছেন। তারা তথ্য-উপাত্তসহ যুক্তি-পাল্টা যুক্তিসহ তাদের প্রস্তাব উপস্থাপন করেছেন। বোর্ড জানিয়েছে, বৈঠক চলছে এবং ইতোমধ্যে দুই পক্ষ থেকে তিন ধাপে বেতনের প্রস্তাব এসেছে।
'বাহ্যিক কোনো ডিস্টার্বেন্স না হলে আজকের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে,' বলেন চেয়ারম্যান। শ্রমিক ও মালিকপক্ষ এ পর্যন্ত তিন ধাপে তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব উপস্থাপন করেছে। প্রথম ধাপে শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা।
এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে ২৫ হাজার ও ২২ হাজার টাকার প্রস্তাব করে। আর মালিকপক্ষ এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে ১৫ হাজার ও ১৫ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে।
খবরটি শেয়ার করুন