ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাই তার সঙ্গে বাবার তুলনা হওয়াটা নতুন কিছু নয়। তবে এমন তুলনাকে নেতিবাচকভাবে দেখেন না আরিয়ান। বরং বাবার সঙ্গে তুলনা করাকে নিজের জন্য প্রশংসা বলেই মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে ‘সবার সেরা’ বলে প্রশংসাও করেছেন এই তরুণ নির্মাতা।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আরিয়ান। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে কথা বলেন তিনি।
আরিয়ান বলেন, ‘সবার সেরা মানুষের সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি সত্যিই অসাধারণ।’
২৯ বছর বয়সী আরিয়ান দেখতে অনেকটা বাবার মতো। তবে অভিনয়ের বদলে পরিচালনাকেই নিজের কাজ হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার।
বাবাকে নিয়ে পরিচালনার অভিজ্ঞতাও বেশ মজার বলে জানিয়েছেন আরিয়ান। সিরিজটিতে শাহরুখের সঙ্গে কাজ করতে তাকে খুব বেশি কিছু বুঝিয়ে দিতে হয়নি।
এ বছরের শুরুতে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, তার বাবা কিছুই ভোলেন না। তার সঙ্গে কাজ করা বেশ সহজ। ক্যামেরার সামনে কী করতে হবে, তা তিনি নিজেই ভালো জানেন। ফলে পরিচালক হিসেবে আরিয়ানকে বারবার বুঝিয়ে দিতে হয় না।
মজা করে তিনি বলেন, বাবাকে দিয়ে কাজ করানো অনেকটা ‘চিট কোড’ ব্যবহারের মতো। তবে শাহরুখের একটি পরামর্শ ছিল, শটের সংখ্যা কমাতে হবে।
বাবার কাছ থেকে শেখার কথাও বিভিন্ন সময়ে বলেছেন আরিয়ান। ২০২৪ সালে ‘ল’অফিশিয়েল অ্যারাবিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখকে বুদ্ধিমান বিপণন কৌশলী ও বিশ্ব ফ্যাশনের ট্রেন্ডসেটার হিসেবে উল্লেখ করেন তিনি।
একই বছর জিকিউকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান বলেন, বাবার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের ও শেখার ভালো সুযোগ।
‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে কথা বলতে গিয়ে আরিয়ান জানান, কোনো ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনি ভালোবাসেন। কাগজে গল্প লেখা থেকে শুরু করে সেটি পর্দায় তুলে আনা, পুরো প্রক্রিয়াই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মতে, একটি গল্পকে কীভাবে নতুনভাবে বলা যায়, কীভাবে তাতে ভিন্ন স্বাদ যোগ করা যায়, সেটিই চলচ্চিত্র নির্মাণের আসল বিষয়।
গত বছর সিরিজটি মুক্তির সময় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আরিয়ান বলেছিলেন, কাজ কঠিন হয়ে উঠলে তার মাথায় একটি কথা ঘুরত, ‘হেরে যাওয়া আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য।’ এই কথাটি তাকে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
এদিকে আরিয়ানের পরবর্তী কাজের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তার বাবা শাহরুখ খানকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
খবরটি শেয়ার করুন