ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করেছে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে মামলা, অনুপস্থিতিতে কারাদণ্ড এবং যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হওয়ার ঘটনাকে তিনি পরিকল্পিত হয়রানি হিসেবে দেখছেন। একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি রয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের সঞ্চালনায় ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে টিউলিপ তার সম্ভাব্য আইনি পদক্ষেপের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে এখনো মামলা দায়েরের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
পডকাস্টে টিউলিপ বলেন, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আমার আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’
নিজের বিরুদ্ধে বাংলাদেশের বিচারপ্রক্রিয়াকে বিদ্বেষপ্রসূত হিসেবে বর্ণনা করে টিউলিপ বলেন, ‘এটি মূলত একটি বিদ্বেষপ্রসূত মামলা ছিল।’ তার অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং যেভাবে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়েছে, তাতে ন্যায়বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভাগনি। তার মা শেখ রেহানা। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিবিদ এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের নির্বাচিত সংসদ সদস্য। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তার পরিবারের সদস্যদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। তবে টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য, ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে তাকে রাজনৈতিকভাবে হেনস্তা করা হয়েছে।
ঢাকার উপকণ্ঠে পরিবারের সদস্যদের জন্য সরকারি আবাসন প্রকল্পের একটি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং নিজের প্রভাব কাজে লাগিয়ে পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিলেন তিনি। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ।
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। লন্ডনে বসবাসরত টিউলিপের অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। তার বক্তব্য অনুযায়ী, মামলায় ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়ার সুযোগও তিনি পাননি। এমনকি আদালতের রায়ের বিষয়টি তিনি প্রথম জানতে পারেন সংবাদমাধ্যমের সংবাদ সতর্কবার্তার মাধ্যমে।
গার্ডিয়ানকে দেওয়া ২০২৫ সালের গ্রীষ্মকালীন এক সাক্ষাৎকারেও বাংলাদেশের বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন টিউলিপ। তখন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। একই সঙ্গে বলেছিলেন, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।
এ বিরোধের পেছনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার শাসনামলে ড. ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা ও আইনি পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা ছিল। বিশেষ করে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালের ১ জানুয়ারি তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় তার সঙ্গে গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তারও সাজা হয়েছিল। পরে উচ্চ আদালতের মাধ্যমে মামলাটি বাতিল হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনজীবীদের একটি অংশ ওই বিচারপ্রক্রিয়ার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল। শেখ হাসিনার সঙ্গে ইউনূসের দীর্ঘদিনের বিরোধও তখন আলোচনায় আসে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা, তদন্ত ও আইনি পদক্ষেপ শুরু হয়। সেই রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ সামনে আসে। টিউলিপের মামলাটিও ওই সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে আলোচনায় আসে।
ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও তার দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। বিশেষ করে স্বজনপ্রীতি, স্বার্থের সংঘাত, উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা এবং প্রশাসনিক সিদ্ধান্তে জবাবদিহির অভাব নিয়ে সমালোচনা হয়। বাংলাদেশ নিয়ে ২০২৬ সালের বেটিআই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ইউনূস তার এক ভাতিজাকে অন্তর্বর্তী সরকারের সংবাদ দলের সঙ্গে যুক্ত করার পর স্বজনপ্রীতি ও স্বার্থের সংঘাতের অভিযোগের মুখে পড়েছিলেন।
এ ছাড়া ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউনূস উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ১ অক্টোবর এ বিষয়ে নীতিমালাও জারি করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশ করা হয়নি। এ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সরকারের এই ব্যর্থতাকে স্বচ্ছতার প্রতিশ্রুতি রক্ষায় ঘাটতি হিসেবে উল্লেখ করেছিলেন।
এ ছাড়া ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কয়েক উপদেষ্টা, তাদের ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাবেক এক সচিব ২০২৫ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলে ক্ষমতায় আসা সরকারের নিজের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল।
এমন প্রেক্ষাপটে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা ও তার অনুপস্থিতিতে কারাদণ্ডের ঘটনা যুক্তরাজ্যের রাজনীতিতেও আলোচনার জন্ম দেয়। বিশেষ করে একজন ব্রিটিশ সংসদ সদস্যের বিরুদ্ধে অন্য একটি দেশের রাজনৈতিক পরিবর্তনের পর এমন বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ ও ন্যায়সংগত ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে।
টিউলিপের অভিযোগ, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে আইনজীবীরা বারবার বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু কোনো জবাব পাননি। এমনকি সরাসরি অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলেন তিনি।
গার্ডিয়ানকে টিউলিপ বলেন, ইউনূস যখন লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন তার কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। চিঠির মাধ্যমে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ইউনূস তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন টিউলিপ।
তার ভাষায়, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি বারবার তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম।’
টিউলিপ আরও বলেন, বাংলাদেশের মামলার বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতা তার কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। তিনি বলেন, ‘আমি জানতাম না, ঠিক কী অপরাধে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সংবাদ সতর্কবার্তা দেখে প্রথম জানতে পারি, আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’
নিজের নির্দোষিতার বিষয়ে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়ে টিউলিপ বলেন, পুরো ঘটনায় তিনি আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন।
এদিকে বাংলাদেশের অভিযোগের জেরে যুক্তরাজ্যের রাজনীতিতেও বড় ধরনের চাপের মুখে পড়েছিলেন টিউলিপ। তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় দুর্নীতিবিরোধী দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ব্রিটিশ রাজনীতিতে বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠতে থাকে। শেষ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারিতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়।
গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ জানান, ওই সময় সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে ব্যক্তিগতভাবে সমর্থন দিয়েছিলেন। এমনকি নিরাপত্তা হুমকির মুখে পড়ার পরও স্টারমার তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাকে নিয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি আর প্রধানমন্ত্রীর সরকারের জন্য রাজনৈতিক বাধা হয়ে থাকতে চাননি।
টিউলিপ বলেন, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগের শুরু থেকেই তিনি তার পাশে ছিলেন। অথচ একপর্যায়ে তাকেই স্টারমারের জন্য রাজনৈতিক প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছিল। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, টিউলিপের সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে মন্তব্য জানতে মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়টি এখন শুধু তার ব্যক্তিগত মামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার বিচারব্যবস্থা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, ক্ষমতার ব্যবহার এবং আন্তর্জাতিক পরিসরে সরকারের ভাবমূর্তির প্রশ্ন। বিশেষ করে একজন ব্রিটিশ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার ও কারাদণ্ডের ঘটনা এবং তার অভিযোগের বিষয়ে সরকারের নীরবতা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এখন দেখার বিষয়, আইনজীবীদের পরামর্শ নিয়ে টিউলিপ শেষ পর্যন্ত ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন কি না। তা হলে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে নেওয়া সিদ্ধান্ত ও তার প্রশাসনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আইনি পরিসরেও নতুন আলোচনা তৈরি হতে পারে।
খবরটি শেয়ার করুন