ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনী প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার (১৯শে জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, নির্বাচনী প্রচারণা করা হচ্ছে। কম্বল বিতরণ করা হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) এসব দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। আইন শুধু একজনের জন্য হবে, আরেকজনের জন্য ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হচ্ছে। যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু ইলেকশন কমিশন সে প্রয়োগ করছে না। এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভেতরে উদ্বেগ তৈরি করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সব বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ অভিযোগ করেন, বিএনপির প্রার্থীরা নির্বাচনী আচরণবহির্ভুত কাজ করলেও নির্বাচন কমিশন তাদের ছাড় দিচ্ছে। অন্যদিকে গণভোটের প্রচারণা চালানোয় ইসি আমাকে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে অন্যায়ভাবে শোকজ করেছে। এসব পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।
ইসি প্রার্থীদের আপিল শুনানির রায়ের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করছে বলে জানান নাহিদ। বিএনপির ঋণখেলাপি ও দৈতনাগরিকত্বের বিধি প্রতিপালন না করা প্রার্থীদেরও ইসি ছাড় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রয়োজনে আইনি লড়াই করা হবে এবং রাস্তায় নামা হবে বলে জানান নাহিদ।
খবরটি শেয়ার করুন