শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি (নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে ১২ দিনের সময়সীমা বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার কর্মসূচি ও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের পক্ষে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা।

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি আদায়ের জন্য প্রয়োজনে ঈদের পর সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে ‘ডু অর ডাই’ কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে বলে শিক্ষক সমাবেশ থেকে জানানো হয়।

সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা আজ সন্ধ্যায় বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে মোট ৯০ দিন আমাদের দাবি নিয়ে আন্দোলন করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ছয় হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে আসছি আমরা। বিভিন্ন সময়ে আমাদের আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেনি সরকার।’

সেলিম মিঞা আরও বলেন, ‘আগামী ১৬ মে পর্যন্ত আমরা সময় নির্ধারণ (আলটিমেটাম) করে দিয়েছি। এর মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, ১৭ মে থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষকসমাজ নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। আমরা চাই, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকার নির্বাহী আদেশ দিয়ে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করুক।’

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক বলেন, ‘সরকার প্রাথমিকভাবে সচল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবে বলে আমরা আশাবাদী।’ প্রসঙ্গত, যেসব প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু আছে, সেসব প্রতিষ্ঠানকে সচল প্রতিষ্ঠান বা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বলা হয়।

দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করে একটি তালিকা করেছিল। সেই তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে সংগঠনের নেতারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবেদন করা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের স্থগিত আবেদনপ্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে।

নন-এমপিও ডিগ্রি শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ ফারুক বলেন, ‘আমরা আর কত দিন এভাবে রাজপথে থাকব। আমাদের থাকার কথা পাঠদান কক্ষে। আমরা এ সমস্যার সমাধান চাই। না হলে শিক্ষকসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250