ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। তার যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল। এখন তিনি দেশে ফিরতে চাইলে তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে। প্রয়োজনে সামরিক বিমান পাঠিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। শেখ হাসিনার প্রত্যাবর্তনকে জটিল কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আটকে না রেখে বাংলাদেশ ও ভারতের সরকারের সমঝোতায় নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বীণা সিক্রি। ‘আর্মি সেন্ট হার, ক্যান সেন্ড এয়ারক্রাফট টু টেক হার ব্যাক’: ফর্মার এনভয় ভীণা সিক্রি আর্জেস সেফ রিটার্ন ফর শেখ হাসিনা অ্যামিড রাইজিং আনরেস্ট ইন বাংলাদেশ শিরোনামে ১২ নভেম্বর সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করে এএনআই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং তাকে ফিরিয়ে নেওয়ার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে কথা বলেন ভারতের সাবেক এই হাইকমিশনার।
বীণা সিক্রির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে তিনি প্রত্যাবর্তনের প্রক্রিয়া সহজ করার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখছেন। তার মতে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর নির্ভর করার প্রয়োজনীয়তা কমে যায়। তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন। ফলে তার প্রত্যাবর্তনের বিষয়টিকে কেবল প্রত্যর্পণের প্রশ্নে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বীণা সিক্রি। তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল সেনাবাহিনী। ওই দিন একটি সামরিক বিমানে তিনি ভারত পৌঁছান। এখন তাকে ফিরিয়ে নেওয়ার জন্যও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তার বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে একটি সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে পারে।
সমালোচকদের মতে, বীণা সিক্রির এই বক্তব্যে সেনাবাহিনীর প্রতি একটি সরাসরি বার্তা রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থানকে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকা রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার বিষয় হিসেবে না দেখে তার নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করেন তিনি। তার মতে, এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে সমঝোতা হলে প্রক্রিয়াটি সহজ হতে পারে। বাংলাদেশ সরকার আলোচনায় আগ্রহী না হলে সেনাবাহিনীর ভূমিকার সুযোগ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বীণা সিক্রি বলেন, তিনি সেখানে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন। ভারতে আসার সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সে অনুযায়ী তাকে সম্মান ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে এখন তার দেশে ফেরার ইচ্ছা ও দৃঢ় সংকল্পের বিষয়টি সামনে এসেছে। বীণা সিক্রির মতে, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে ভারতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বীণা সিক্রি। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ থেকে ৭ শতাংশের মধ্যে ছিল। বর্তমানে তা কমে ২ থেকে ৩ শতাংশে নেমে এসেছে বলে তিনি দাবি করেন। কারখানা বন্ধ হওয়া, মূল্যস্ফীতি এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলোও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব পরিস্থিতি বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা বাড়িয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন ভারতের সাবেক এই কূটনীতিক। তার মতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেক মানুষ গণতান্ত্রিক ও সাংবিধানিক বলে মনে করছেন না। আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার দাবি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য, দলটিকে রাজনৈতিক মূলধারায় ফিরতে দেওয়া হলে জনগণ নির্বাচনের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবে।
বীণা সিক্রির মতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং শেখ হাসিনার ভারতে অবস্থান—দুটি বিষয়ই রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষের একটি অংশ মনে করে, শেখ হাসিনার সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এসব বক্তব্য তার রাজনৈতিক মূল্যায়ন; তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ স্পষ্ট।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারতের দুটি শর্ত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্তটি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তিনি যেভাবে সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে এসেছিলেন, সেভাবেই তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ। দিল্লির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, সেনাবাহিনী সামরিক বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে নিতে পারে অথবা সীমান্তের নির্দিষ্ট স্থানে তাকে গ্রহণ করার ব্যবস্থা করতে পারে। এ ধরনের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ভারত সহযোগিতা দিতে প্রস্তুত বলে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় শর্তটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নিয়ে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, দেশে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তাও দিতে হবে। ভারতের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে বাংলাদেশে পাঠানো যাবে না, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। তাকে ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ দিতে হবে।
তবে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখিত দুটি শর্ত ভারতের সরকারের আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে নয়; দিল্লির কর্মকর্তাদের বক্তব্য ও সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১৪ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয় এবং আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
বীণা সিক্রি ভারতের অভিজ্ঞ কূটনীতিকদের একজন। তিনি ১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় কর্মরত ছিলেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ায় ভারতের হাইকমিশনার এবং হংকংয়ে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে ছিলেন। অবসর নেওয়ার পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা ‘সাউথ এশিয়া উইমেনস নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হিসেবেও তিনি পরিচিত।
শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি এখন আর কেবল তার ব্যক্তিগত ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। শেখ হাসিনা গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
খবরটি শেয়ার করুন