শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে *** ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী *** শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ *** শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি *** আওয়ামী লীগ করার ‘অপরাধে’ মৃত্যুর সাড়ে সাত মাস পর বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তার মতে, শেখ হাসিনার রাজনৈতিক সময় শেষ হয়ে এলেও আওয়ামী লীগের ভবিষ্যৎকে তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। কারণ, দলটির লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন। তাদের সবাইকে রাজনৈতিক বাস্তবতা থেকে বাদ দিয়ে দেখার সুযোগ নেই।

ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দেশের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন এই সাবেক মার্কিন কূটনীতিক। তার বক্তব্য, শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণের স্বার্থই সবার আগে বিবেচনায় রাখতে হবে। ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

মোজেনা এসব কথা বলেছেন ‘দ্য ওয়াদা’কে দেওয়া এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকারটি ১২ নভেম্বর ‘ডোন্ট লেট হাসিনা হাইজ্যাক বাংলাদেশ’স ইন্ডিয়া পলিসি: ড্যান মোজেনা’ শিরোনামে প্রকাশিত হয়। সাংবাদিক আবু সুফিয়ান তার সঙ্গে ভিডিও সাক্ষাৎকারটি নেন। প্রকাশের সময় সাক্ষাৎকারের বক্তব্যের ভাষাগত স্বচ্ছতার জন্য সামান্য সম্পাদনা করা হয়েছে বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে। এতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগের অবস্থান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বিদ্যমান টানাপোড়েন নিয়ে কথা বলেন মোজেনা।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রসঙ্গটি আসে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে। মোজেনাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা কি শেষ হয়ে গেছে? জবাবে তিনি প্রথমে বলেন, শেখ হাসিনা ও তার ভূমিকা নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন।

সাক্ষাৎকার গ্রহণকারী আবু সুফিয়ান তখন স্পষ্ট করে বলেন, তিনি আওয়ামী লীগ সম্পর্কে নয়, শেখ হাসিনা সম্পর্কে জানতে চাইছেন। জবাবে মোজেনা বলেন, বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন। তবে তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে। এর অর্থ এই নয় যে তার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না। তবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে তার আর ফিরে আসার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি।

মোজেনার এই বক্তব্যের তাৎপর্য হলো, তিনি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখেছেন। শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষের রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যায়নি—এমন একটি ইঙ্গিত তার বক্তব্যে রয়েছে।

দেশে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির সঙ্গে যুক্ত সব মানুষের দেশত্যাগ বা রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়া এক বিষয় নয়। আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী দেশের বিভিন্ন এলাকায় রয়েছেন। তাদের অনেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়েছেন। তবে দলের সঙ্গে অতীতে যুক্ত ছিলেন বা দলটিকে সমর্থন করেন, এমন প্রত্যেক ব্যক্তি দেশ ছেড়ে চলে গেছেন—এমন কোনো তথ্য নেই।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সাবেক অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ১১ মে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় দলটির সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন, প্রচার-প্রচারণা, গণমাধ্যমে প্রকাশনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়।

সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থান দমনে হত্যা, গুম, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া হয়। একই দিন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। ফলে দলটি নির্বাচনী কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ হারায়। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছিল।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনীতিতে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মোজেনার লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্যের প্রসঙ্গ তোলা বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্তমূলক মন্তব্য করেননি। বরং শেখ হাসিনার নেতৃত্বের ভবিষ্যৎ এবং দলটির সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষের রাজনৈতিক অবস্থানকে পৃথক করে দেখেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে প্রত্যর্পণের বিষয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে ভারতের কী করা উচিত, সে সম্পর্কে কোনো পরামর্শ দিতে চাননি মোজেনা। তিনি বলেন, ভারত কী করবে বা করবে না, সে বিষয়ে তার বিশেষ কোনো ধারণা নেই। বিষয়টি নিয়ে তিনি আলোচনায় যেতে চান না।

বরং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, শেখ হাসিনা এখন আর কোনো দেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লির কোথাও অবস্থান করছেন, নিজের মতো কাজ করছেন এবং বিভিন্ন বিষয়ে লিখছেন। এসব নিয়ে ব্যস্ত না হয়ে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে মনোযোগী হওয়া উচিত।

মোজেনা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জিম্মি করতে দেওয়া উচিত নয়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থকে সবার ওপরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্বের প্রসঙ্গ টেনে মোজেনা বলেন, একজন নেতার কাজ হলো নিজের দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। তারেক রহমানকেও সেই দায়িত্ব পালন করতে হবে। শেখ হাসিনাকে ঘিরে মানুষের মধ্যে যে ক্ষোভ ও আবেগ রয়েছে, তা বুঝতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থের বিষয়গুলোতেও মনোযোগ ধরে রাখতে হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সমস্যা, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা দীর্ঘদিনের। এগুলো দূর করতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনার পথ খুঁজে বের করতে হবে বলে মনে করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার অবস্থান বাধা হয়ে দাঁড়িয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, স্বাভাবিকভাবেই তা হওয়ার কথা। তিনি বলেন, বাংলাদেশে তার অবস্থানকালের পুরো সময়ই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। ফলে তার শাসনপদ্ধতি সম্পর্কে মোজেনার যথেষ্ট ধারণা রয়েছে। ওই সরকারের আমলে অনেক মানুষ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে যে ক্ষতি ও তিক্ত অনুভূতি তৈরি হয়েছে, তা সহজে মুছে যাওয়ার নয়।

তবে অতীতের এসব অভিজ্ঞতার কারণে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে নিজের সম্পর্কের অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন মোজেনা। তিনি বলেন, শেখ হাসিনা তাকে প্রচণ্ড অপছন্দ করতেন এবং প্রকাশ্যেই তার প্রতি বিরূপ মনোভাবের কথা বলতেন। কিন্তু একই ব্যক্তি তাকে বাংলাদেশের ৬৪টি জেলা সফরের সুযোগ করে দিয়েছিলেন। এমনকি গোপালগঞ্জ সফরের সময় শেখ হাসিনার পরিবারের একজন সদস্যকে তার সঙ্গে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি শেখ পরিবারের গুরুত্বপূর্ণ স্থানগুলো তাকে ঘুরিয়ে দেখান।

মোজেনা বলেন, একদিকে শেখ হাসিনা তাকে অপছন্দ করতেন, অন্যদিকে তার দেশজুড়ে সফরের সুযোগও করে দিয়েছিলেন। এই দুই আচরণের মধ্যে তিনি কোনো সামঞ্জস্য খুঁজে পাননি। শেখ হাসিনার মনের ভেতরে কী চলছে, তা তার পক্ষে বোঝা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ড্যান মোজেনা যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কূটনীতিক। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে তার জন্ম। আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাঙ্গোলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১১ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালের ২১ ডিসেম্বর তার দায়িত্বের অবসান হয়।

শেখ হাসিনার সরকারের আমলে মোজেনাকে নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে সমালোচনা ও ঠাট্টার ঘটনাও ঘটেছিল। বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং রাজনৈতিক সংলাপের তাগিদের কারণে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।

২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক বৈঠকে দলটির শীর্ষ নেতারা মোজেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বৈঠকে তার বিভিন্ন কর্মকাণ্ডকে আওয়ামী লীগের বিপক্ষে এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পক্ষে বলে অভিযোগ করা হয়। নেতাদের কেউ কেউ তার বিভিন্ন সফর ও রাজনৈতিক বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করেন। বিষয়টি পরদিন ১৭ ফেব্রুয়ারি ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদনে প্রকাশিত হয়।

এর আগে ২০১৩ সালের মে মাসে পোশাক কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিয়ে মোজেনার বক্তব্যের বিরোধিতা করেন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি লিখে তার বক্তব্যের সমালোচনা করেন। চিঠিতে মোজেনার মন্তব্যকে বাংলাদেশের সরকারের জন্য অনধিকারচর্চামূলক, অপমানজনক ও উসকানিমূলক বলে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলেও আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছিল। ২২ মে ২০১৩ তারিখে ‘ঢাকা ট্রিবিউন’ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

২০১৪ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের তখনের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও মোজেনাকে নিয়ে কটাক্ষ করেন। তিনি মোজেনাকে গৃহকর্মীর নামের সঙ্গে মিলিয়ে ‘মর্জিনা’ বলে বিদ্রূপ করেন। একই বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকেও কটাক্ষ করেছিলেন তিনি। এ নিয়ে সে সময় সংবাদমাধ্যমে সমালোচনা হয়।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে এমন টানাপোড়েনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মোজেনা সাক্ষাৎকারে দলটির ভবিষ্যৎ নিয়ে একক কোনো অবস্থান নেননি। শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কম বলে ব্যক্তিগত ধারণা জানালেও আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্যের প্রসঙ্গ সামনে এনেছেন।

একই সঙ্গে তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং জাতীয় স্বার্থের প্রশ্নটি গুরুত্ব পেয়েছে। তার মূল বক্তব্য, শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয়; দেশের জনগণের স্বার্থই হতে হবে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রধান বিবেচনা।

ড্যান মোজেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250