রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘আসিফ নজরুলের চরিত্র খন্দকার মোশতাকের মতো, তারা মনে হয় আত্মীয়’ *** গোপালগঞ্জ উত্তাল, বিক্ষোভ-সহিংসতা-ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন *** ধামরাইয়ে যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার, ‘ব্লকরেইডে পড়ে গেছেন’ দাবি পুলিশের *** গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো *** কলেজে বঙ্গবন্ধুর নাম পুনর্বহাল, ‘হাদি চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’ করলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা *** গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন। দুপুরের পর তাদের সঙ্গে যখন কথা হয়, তখন তারা বলেছিলেন যে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। বিকেল সোয়া পাঁচটার দিকে ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়।

মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের ডিসি করা হয় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে, তা বিস্তারিত জানাতে পারেনি সূত্রটি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখানকার সূত্রে জানা যায়, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বল প্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। তিনি বলেন, আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বল প্রয়োগ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও বলছে, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জে।

আজ বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।

ওই বছর ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’

গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250