শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

‘আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তে গঠন হবে তদন্ত কমিটি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, উত্তরা পশ্চিম থানা-সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তকরণে তদন্ত কমিটি গঠন করা হবে। 

এছাড়াও পুলিশের প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ যেন আরো বেশি মানবিক হয়- এটিকে প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।’ 

বুধবার (৫ই ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। 

যৌক্তিক-অযৌক্তিক বিভিন্ন আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এতে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তারা যেন তাদের দাবিদাওয়াসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠ ব্যবহার করে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আসামিদের বিষয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেকেই বাংলাদেশে নেই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। আর যারা দেশে আছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। 

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নদীমাতৃক দেশ হওয়ায় নদীপথের সার্বিক নিরাপত্তা বিধান, চাঁদাবাজি ও জলদস্যুতা প্রতিরোধ, ইলিশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ অভিযান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ। 

তিনি বলেন, জনবল ও জলযানের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে । তবে এসব সমস্যা সমাধানেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন অভিযানে দেখা যায় যে, জাল ও জেলে আটক করা হচ্ছে। কিন্তু কারেন্ট জালের ফ্যাক্টরির মালিক ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। এসব অবৈধ জাল প্রস্তুতকারী ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে। 

মতবিনিময় সভায় নৌ-পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ব্রিফিংকালে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেসি/কেবি 



স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250