ছবি: সংগৃহীত
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, রমজান ২০২৬ উপলক্ষে চাঁদ দেখার কার্যক্রম আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দেশটির আদালতের এক বিবৃতিতে সব মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করার আহ্বান জানানো হয়েছে। খবর আরব নিউজের।
বিবৃতিতে বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য জানাতে হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজানের প্রথম দিন পড়বে বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬। জ্যোতির্বিদদের ধারণা, মঙ্গলবার রাতে চাঁদ দৃশ্যমান হবে না।
মরক্কোতেও মঙ্গলবার রমজানের চাঁদ দেখা হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় জ্যোতির্বিদদের মতে, সেখানেও চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতেও রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার।
রমজান ইসলামি চান্দ্রবর্ষের নবম মাস। এ মাসে বিশ্বজুড়ে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। রোজার সময়সূচি দেশভেদে সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে।
মরক্কোতে ইফতারের সময় নানা ধরনের মিষ্টি ও ঝাল খাবারে ভরা টেবিলের আয়োজন করা হয়। খেজুর ও দুধ বা পানি দিয়ে রোজা ভাঙার পাশাপাশি হারিরা, মসমেন ও ব্রিওয়াত জনপ্রিয় খাবার হিসেবে পরিবেশন করা হয়।
অধিকাংশ মুসল্লি সূর্যাস্তের নামাজ আদায় করতে মসজিদে যান, এরপর ঘরে ফিরে ইফতার সম্পন্ন করেন।
ইফতারের পর এশার নামাজের সঙ্গে অতিরিক্ত তারাবির নামাজ আদায় করা হয়। তারাবি নামাজ কয়েক রাকাতে আদায় করা হয়, যেখানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
অনেক মুসলমানের মধ্যে রমজান মাসে সম্পূর্ণ কোরআন খতম করার রেওয়াজ রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন