ছবি: সংগৃহীত
ভোটার তালিকায় অনিয়ম ও সিইসির পদত্যাগের প্রতিবাদে গতকাল দিল্লিতে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির প্রস্তুতি নিতে গিয়ে আটক হয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লির একটি আদালত ৫০ হাজার রুপির বন্ড ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার শর্তে তার মুক্তির আদেশ দেন।
আদালতের শুনানির পর মন্দির মার্গ থানা থেকে ছাড়া পান এই তরুণ নেতা। এর আগে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় পুলিশ তাকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছিল।
জেল থেকে বের হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। ২০০৪ সালের ‘বীর-জারা’ সিনেমার প্রধান চরিত্রের (শাখরুখ খান) একটি ছবি শেয়ার করেন তিনি। দীর্ঘ ২২ বছর পর পাকিস্তানি জেল থেকে শাহরুখ খানের চরিত্রের মুক্তির এক আবেগঘন দৃশ্য ছিল ছবিতে। ছবির ক্যাপশনে ব্যঙ্গ করে দীপকে লেখেন, ‘ওয়াইফাই ও ফোন ছাড়া ২৪ ঘণ্টা জেলে কাটিয়ে বের হওয়ার অনুভূতি ঠিক এ রকম।’
অভিজিৎ দীপকের আগে আইসা নেত্রী নেহা বোরাকে আজ শনিবার ভোরে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় নতুন একটি মামলা করে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে।
উল্লেখ্য, এর আগে ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে তাকে একবার আটক করা হয়। এর পর এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার শর্তে ছেড়ে দেওয়া হয়।
খবরটি শেয়ার করুন