শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট *** রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময় *** কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক *** লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস *** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতে চলমান ভোটার তালিকা বিতর্ক এবং নির্বাচন কমিশন-বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠা ‘তেলাপোকা’ (ককরোচ) প্রতীক নিয়ে এবার মুখ খুললেন প্রখ্যাত লেখক সালমান রুশদি এবং খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার।

নিউইয়র্কে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে রুশদি ভারতের তরুণ আন্দোলনকারীদের প্রশংসা করে তাদের ভারতের জন্য দীর্ঘদিনের মধ্যে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে মিরা নায়ার নিজেকে ‘ককরোচ মম’ (তেলাপোকা মা) হিসেবে আখ্যা দিয়ে গণতন্ত্রের জন্য লড়াইরত তরুণদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

দুই বিশিষ্ট ব্যক্তির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। শাসকদল সমর্থক ও হিন্দুত্ববাদীরা তাদের ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী বলে অভিযুক্ত করছেন। বিপরীতে অন্য বিশ্লেষকেরা রুশদির এই মন্তব্যের পর হিন্দুত্ববাদীদের দ্বৈত আচরণের কথা তুলে ধরছেন।

নিউইয়র্কে ‘এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপ’-এর এক তহবিল সংগ্রহ ও প্রাক-দিওয়ালি নৈশভোজে এই মন্তব্য করেন দুই প্রখ্যাত ভারতীয়। লেখক অমিতাভ কুমার তার সাবস্ট্যাক পেজে এই ঘটনার বর্ণনা দিয়ে জানান, অনুষ্ঠানটিতে মিরা নায়ারের জন্মদিনও উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সালমান রুশদি বলেন, ‘বর্তমানে ভারতে একটা কিছু ঘটছে। ভারত ফুটছে। কোনো রেস্তোরাঁয় দাঁড়িয়ে হয়তো এটা বলা ঠিক নয়, তবুও “তেলাপোকা” প্রতীককে সেলিব্রেট না করলে ভুল হবে। ভারতের তরুণ সমাজ আমাদের দীর্ঘ সময় পর সবচেয়ে আশাব্যঞ্জক এক মুহূর্ত উপহার দিয়েছে।’

একই অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ারও ভারতের গণতন্ত্র রক্ষায় সোচ্চার তরুণদের ‘তেলাপোকা’ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি গর্ব প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

অনলাইনে রুশদি ও মিরা নায়ারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ‘দ্য ফ্রি প্রেস’-এর সিনিয়র রাইটার রুপা সুব্রহ্মণ্য লিখেছেন, ভারতীয় আন্দোলনকারীদের দাবি যুক্তিসংগত হতে পারে এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। তবে রুশদি ও মিরা নায়ারের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, দুজনেই এমন এক ইংরেজি শিক্ষিত উচ্চবিত্ত ভারতীয় অভিজাত শ্রেণির অন্তর্ভুক্ত, যারা দীর্ঘ দিন ধরে নরেন্দ্র মোদীকে অবজ্ঞার চোখে দেখে আসছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ রুপা লেখেন, ‘বিষয়টি হয়তো খুব একটা আশ্চর্যের নয়, কারণ তারা দুজনেই সেই উচ্চবিত্ত ও ইংরেজি মাধ্যমীয় অভিজাত সমাজের প্রতিনিধি, যারা দীর্ঘ দিন ধরে মোদীকে কটাক্ষ করে আসছেন।’ তিনি আরও মনে করিয়ে দেন, ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাস প্রকাশের পর থেকে রুশদি কীভাবে চরমপন্থীদের হুমকির মুখে পড়েছিলেন এবং ২০২২ সালে নিউইয়র্কে কীভাবে হামলার শিকার হয়েছিলেন।

অন্য একাধিক ব্যবহারকারী রুশদি এবং মিরা নায়ারের কড়া সমালোচনা করে অভিযোগ তোলেন যে তারা ভারতবিরোধী মনোভাব পোষণ করেন। এক নেটিজেন দাবি করেন, রুশদি ভারতের বিনাশ চান, অথচ সাধারণ ভারতীয়রা সব সময় তার পাশে দাঁড়িয়েছেন।

তবে বিপরীত সুরও শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক স্বাধীন সাংবাদিক ‘এক্স’-এ উল্লেখ করেন, দশকের পর দশক ধরে হিন্দু ডানপন্থীরা সালমান রুশদিকে সমর্থন জুগিয়ে এসেছেন কারণ তিনি ইসলামি চরমপন্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ যখন তিনি হিন্দু চরমপন্থা বা মোদী সরকারের সমালোচনা করছেন, তখন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন।

তিনি লেখেন, ‘হিন্দু ডানপন্থীরা এত দিন ইসলামি মৌলবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য রুশদিকে মাথায় তুলে রেখেছিল। এখন যখন তিনি তাদের ভাবধারার সমালোচনা করছেন, তখন তাদের আর পাল্টা কিছু বলার মুখ থাকছে না।’

দিল্লির কনট প্লেসে সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে এই ‘তেলাপোকা’ প্রতীকটি ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিউইয়র্কের এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার আলোয় নিয়ে এলো।

সালমান রুশদি মিরা নায়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250