শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

সংখ্যালঘু শিক্ষিকা বিউটি পালের সঙ্গে কী ঘটছে, 'শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট কেন

জেবিন শান্তনু

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকায় বসে যখন সিলেটের ফেঞ্চুগঞ্জের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের সঙ্গে মুঠোফোনে কথা হচ্ছিল, তখনও তিনি বিস্ময় কাটিয়ে উঠতে পারেননি। তার প্রশ্ন ছিল খুবই সাধারণ—একটি স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় কয়েক সেকেন্ড হেঁটে আসার ভিডিও কীভাবে সারাদেশে বিতর্কের বিষয় হয়ে উঠল?

আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আরেকটি নতুন দৃশ্য। দেশের নানা প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষিকা একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও পোস্ট করছেন। গানটি দেশের জনপ্রিয় ব্যান্ড ডিফরেন্ট টাচ-এর ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। যে গান একসময় ছিল নিছক রোমান্টিক অনুভূতির প্রকাশ, সেটিই এখন অনেক শিক্ষকের কাছে প্রতিবাদের প্রতীক।

ঘটনার শুরু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল স্কুল ছুটির পর সহকর্মীর সহায়তায় একটি ছোট ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে বিদ্যালয়ের আঙিনায় হাঁটতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে যুক্ত করা হয় ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।

ভিডিওটি তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটি তার অনুমতি ছাড়াই ডাউনলোড করে অন্য একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এরপর ভিডিওটি ঘিরে শুরু হয় সমালোচনা, কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ।

সুখবর ডটকমের সঙ্গে আলাপকালে বিউটি রাণী পাল বলেন, “আমি আসলে রিল বানাতে জানি না। এক সহকর্মীকে বলেছিলাম কীভাবে রিল বানায়। স্কুল ছুটির পরে স্কুলের ভেতরেই আমি হেঁটেছি, উনি ভিডিও করেছেন। এতে তো কোনো অশোভন কিছু ছিল না।”

তিনি বলেন, “আমি একজন শিক্ষক। শিক্ষক হওয়ার আগে আমি একজন মানুষ। শিক্ষকতার দায়িত্ব পালন করছি বলেই কি আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশের অধিকার থাকবে না?”

বিউটি রাণীর ভাষ্য অনুযায়ী, ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়, তার বড় অংশের সূচনা হয় ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামে একটি ফেসবুক পেজ থেকে। ওই পেজে ভিডিওটি এআই ভয়েস ব্যবহার করে সংবাদ আকারে প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, ঘটনাটি নিয়ে এলাকায় ‘সচেতন মহল’ এবং অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তথাকথিত সচেতন মহলের কোনো বক্তব্য সেখানে নেই। কোনো অভিভাবকের বক্তব্যও তুলে ধরা হয়নি। শুধু বর্ণনামূলক ভাষায় অভিযোগ তুলে ধরা হয়েছে। আরও একটি পোস্টে সাধারণভাবে হাঁটার দৃশ্যকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই অভিযোগ নিয়ে কথা বলতে সুখবর ডটকম থেকে যোগাযোগ করা হয় অভিযুক্ত আসিফ আহমদ ইকবাল হিরণের সঙ্গে। তিনি বলেন, “আমি ম্যাডামকে শুধু আদাব দিয়ে ভিডিওর বিষয়ে জানতে চেয়েছি। আর কিছু বলিনি।” সাধারণ হাঁটার দৃশ্যকে কেন ‘অশ্লীল’ বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো বলিনি। মানুষ বলেছে।”

‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ কোনো নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম কি না—জানতে চাইলে তিনি বলেন, “না, নিবন্ধন নেই।” বিউটি রাণী পালের অভিযোগ আরও গুরুতর। তার দাবি, তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় আসিফ আহমদ ইকবাল হিরণ ক্ষুব্ধ হন। পরে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করেন। এমনকি পোস্ট মুছে ফেলার অনুরোধও তিনি নাকচ করে দেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বিউটি রাণীর বিরুদ্ধে সমালোচনার চেয়ে তার পক্ষে সমর্থনের ঢেউ দ্রুত বড় হতে থাকে।

প্রথমে সিলেট অঞ্চলের শিক্ষকরা বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন। পরে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও পোস্ট করতে থাকেন। অল্প সময়ের মধ্যেই ফেসবুক ভরে যায় একই ধরনের রিলে।

ভিডিওগুলোর ভাষা প্রায় এক। শিক্ষকরা বলছেন, শিক্ষকতা একটি পেশা। কিন্তু শিক্ষকও একজন নাগরিক। তারও ব্যক্তিগত জীবন আছে, অনুভূতি আছে, সৃজনশীলতা আছে। সেই অধিকারকে অপমান করা হলে তারা নীরব থাকবেন না।

সামিয়া শিকদার নামে এক শিক্ষিকা লিখেছেন, “বিউটি রাণী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রাণী পাল। আমরা মাথা নত করব না।”

তিনি #BeautyRaniPal, #RespectTeachers, #TeacherUnity, #StandWithTeachers, #EducationMatters এবং #TeachersAreNationBuilders হ্যাশট্যাগ ব্যবহার করেন।

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি লিখেছেন, “ডিজিটাল এই প্রতিবাদ প্রমাণ করে দিল, অন্যায় হলে শিক্ষকরা একসঙ্গে দাঁড়াতে জানেন।” চট্টগ্রামের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক লিখেছেন, “শিক্ষক যদি হাসেন সমস্যা, সাজেন সমস্যা, ভ্রমণে যান সমস্যা, ছবি পোস্ট করেন সমস্যা—তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারও শেষ হয়ে যায়?”

পঞ্চগড়ের আরেক শিক্ষিকা ফেরদৌস লিখেছেন, “এরপর শাড়ি পরেই দেব শিক্ষকের সেই ভাইরাল নাচ।” সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিবাদী ভিডিওগুলোর বড় অংশেই একই গান ব্যবহার করা হয়েছে। ভিডিওগুলোর দৃশ্যও প্রায় একই ধরনের। কেউ বিদ্যালয়ের মাঠে হাঁটছেন, কেউ করিডোরে, কেউ ক্যাম্পাসে। কোথাও কোনো উত্তেজক দৃশ্য নেই। বরং বার্তা একটাই—‘আমরা শিক্ষক, আমরা মানুষও।’

এই ঘটনাকে ঘিরে আরেকটি বিষয় সামনে এসেছে। বাংলাদেশের শিক্ষক সমাজ বহু বছর ধরেই অভিযোগ করে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে প্রায়ই বিদ্রূপ, ট্রল কিংবা অসম্মানজনক মন্তব্য করা হয়। কিন্তু এবার প্রথমবারের মতো শিক্ষকরা সংগঠিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্মেই তার জবাব দিয়েছেন।

বিউটি রাণী পালও মনে করেন, এই সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, “আমি এখন আইনি লড়াইয়ে যেতে চাই না। সারা দেশের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন তিনি। তার ভাষায়, “শিক্ষকদের সম্মান দিলে সমাজ আরও নৈতিক হবে।”

বিউটি রাণী পালের পরিচয়ও আলোচনায় এসেছে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত চার বছরে তিনি মাত্র কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। বেশির ভাগ ভিডিওই শিক্ষার্থীদের ইংরেজি শেখানো, ছন্দে অঙ্ক শেখানো কিংবা শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম নিয়ে। ভাইরাল হওয়া ভিডিওটির মতো অন্য কোনো গানভিত্তিক ভিডিও তার প্রোফাইলে পাওয়া যায়নি। বিতর্ক শুরু হওয়ার পর তিনি ভিডিওটি নিজেই সরিয়ে ফেলেছেন।

বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাটি শুধু একজন ধর্মীয় সংখ্যালঘু শিক্ষিকাকে ঘিরে নয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার, প্রেক্ষাপট বদলে উপস্থাপন এবং জনমত প্রভাবিত করার একটি উদাহরণ হিসেবেও দেখা যেতে পারে।

ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তির ভিডিও ডাউনলোড করে নতুন বর্ণনা যুক্ত করে প্রচার করলে তা সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন সেটিকে সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়, তখন পাঠকের কাছে সেটি আরও বিশ্বাসযোগ্য মনে হতে পারে।

সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, সনাতন ধর্মাবলম্বী হওয়ায় শিক্ষিকা বিউটি পালকে লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য ও ট্রোল করা হচ্ছে। তাদের ভাষ্য, একই ধরনের ভিডিও অন্য কেউ প্রকাশ করলে যে প্রতিক্রিয়া হতো, বিউটি পালের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও ধর্মীয় পরিচয়নির্ভর আক্রমণ দেখা যাচ্ছে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ট্রোল ও কটূক্তির মাত্রা বেড়েছে। তাদের দাবি, সমালোচনার পাশাপাশি তার ধর্মীয় পরিচয় নিয়েও নানা অবমাননাকর মন্তব্য করা হচ্ছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, কোনো নিবন্ধনবিহীন ফেসবুক পেজ কি সংবাদমাধ্যমের মতো পরিচয় দিয়ে এভাবে ব্যক্তিগত কনটেন্ট প্রচার করতে পারে? আবার কেউ প্রশ্ন তুলেছেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি কি প্রশাসনিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত, নাকি সামাজিক মাধ্যমে বিচার হওয়া উচিত?

বিউটি রাণী পালও একই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত। সামাজিকভাবে অপমান করা কোনো সমাধান নয়।” তার মতে, বাংলাদেশ উন্নত শিক্ষাব্যবস্থার কথা বললেও সমাজের মানসিকতায় এখনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “আমরা যদি মুখে বলি আধুনিক শিক্ষা চাই, কিন্তু মন-মানসিকতা পুরোনো রেখে দিই, তাহলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না। আমাদের চিন্তাভাবনাও আধুনিক হতে হবে।”

ঘটনার আরেকটি প্রতীকী দিকও রয়েছে। ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। ১৯৮৭ সালের এক শ্রাবণে লেখা সেই গান প্রায় চার দশক পর আরেক শ্রাবণে নতুন অর্থ পেল। প্রেমের গান হয়ে উঠল প্রতিবাদের ভাষা।

ডিজিটাল যুগে প্রতিবাদের ধরন বদলেছে। আগে শিক্ষকরা স্মারকলিপি দিতেন, মানববন্ধন করতেন। এবার তারা একটি গানকে প্রতীক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানালেন। ফলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা একটি ভিডিও শেষ পর্যন্ত শিক্ষক সমাজের মর্যাদা, ব্যক্তিস্বাধীনতা এবং ডিজিটাল নৈতিকতা নিয়ে জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটি তাই বিউটি রাণী পালের একার নয়। প্রশ্নটি হলো—একজন শিক্ষক কি বিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ব্যক্তিগত পরিসরে স্বাভাবিক জীবনযাপন ও সৃজনশীল প্রকাশের অধিকার ভোগ করবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত বিচারই তার সীমা নির্ধারণ করবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে শুধু শিক্ষক সমাজ নয়, পুরো দেশ।

বিউটি রাণী পাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250