বিকে হরিপ্রসাদ। ছবি: সংগৃহীত
ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন আরএসএ—কে ‘ভারতীয় তালেবান’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ। তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) লক্ষ্য করে দেওয়া হরিপ্রসাদের এই মন্তব্যের জবাবে শাসক দল অভিযোগ করেছে, কংগ্রেস সব জাতীয়তাবাদী সংগঠনকে গালি দেয় এবং নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন পিএফআই ও সিমির মতো গোষ্ঠীগুলোকেই ভালোবাসে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কর্ণাটক বিধানসভার বর্তমান সদস্য ও সাবেক এমপি বিকে হরিপ্রসাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। মোদি স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএসের প্রশংসা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হরিপ্রসাদ বলেন, ‘ওরা (আরএসএস) দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করব। ওরা ভারতীয় তালেবান, আর প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে তাদের প্রশংসা করছেন।’
হরিপ্রসাদ প্রশ্ন তোলেন, ‘কোনো সঙ্ঘী (আরএসএস সদস্য) কি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল? এটা লজ্জার বিষয় যে আরএসএস এখনো নিবন্ধিত সংগঠন নয়। আমরা জানিই না তারা কোথা থেকে অর্থ পায়। দেশের ভেতরে কোনো এনজিও কাজ করতে চাইলে সংবিধান অনুযায়ী নিবন্ধিত হতে হয়।’
রাজ্যসভার সাবেক এই এমপি বলেন, বিজেপি ও আরএসএস ইতিহাস বিকৃত করার ওস্তাদ। তিনি অভিযোগ করেন, ‘বিজেপি ও আরএসএস ইতিহাস বিকৃত করছে, আবার নতুন করে ইতিহাস লিখতে চাইছে। একে ফজলুল হক (ভারত ভাগের আগে বাংলার প্রধানমন্ত্রী) আর সঙ্ঘপন্থী চিন্তাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জিই বাংলায় প্রথম বিভাজনের প্রস্তাব তুলেছিলেন। জিন্নাহ আর সাভারকার দুজনেই মনে করতেন, দুই ধর্মের জন্য আলাদা রাষ্ট্র থাকা দরকার। অথচ দোষটা কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে।’
গত শুক্রবার (১৫ই আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই, ১০০ বছর আগে এক সংগঠনের জন্ম হয়েছিল—রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। দেশের সেবায় ১০০ বছরের ইতিহাস এক সোনালি অধ্যায়। ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণ—এর অঙ্গীকার নিয়ে, ভারত মায়ের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন স্বয়ংসেবকেরা। এক অর্থে আরএসএস বিশ্বের সবচেয়ে বড় এনজিও। শতবর্ষব্যাপী এই ইতিহাস আমাদের জন্য গর্বের।’
জে.এস/
খবরটি শেয়ার করুন