ছবি: সংগৃহীত
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে আজ শুক্রবার ভোরের কোনো এক সময় পাংশা শহরের বাজারের প্রধান সড়কসংলগ্ন টেম্পুস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে ব্যানারটি টাঙানো হয়।
দলীয় কার্যালয় থেকে মাত্র ২০০ গজ দূরেই অবস্থিত সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয় এবং অপর পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের ছবি রয়েছে।
এ ছাড়া ব্যানারের মাঝখানে বড় অক্ষরে ‘শুভ উদ্বোধন’ ও তার পাশে বড় করে জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের ছবি দেওয়া রয়েছে।
ব্যানারটির ওপরের দিকে লেখা রয়েছে, ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম। পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা।’
এ ছাড়া ব্যানারের নিচের দিকে লেখা রয়েছে, ‘আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হয় মিতুল হাকিমের নির্দেশনায়।’ ব্যানারটি কখন বা কোন সময় টাঙানো হয়েছে স্থানীয়ভাবে কেউ বলতে পারেননি।
এর আগে গত বুধবার ভোরের কোনো এক সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়।
এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও টাঙানো হয়। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি ছিল। এ ছাড়া গত মঙ্গলবার সকালে দু-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙায়। ব্যানারটিতে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবিসহ নাম লেখা ছিল।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের কোনো এক সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছেন। তবে দলীয় কার্যালয়টি খোলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে আমরা খতিয়ে দেখছি।'
খবরটি শেয়ার করুন